আগামী ৩১ জানুয়ারির মধ্যে আগ্নেয়াস্ত্র নিকটস্থ থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সম্প্রতি ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিমের কার্যালয়ের আগ্নেয়াস্ত্র শাখা থেকে জারি করা জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জেলা প্রশাসকের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ঘোষিত নির্দেশনা অনুযায়ী আগামী ৩১ জানুয়ারি মধ্যে আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ থানায় বা বৈধ ডিলারের নিকট লাইসেন্সধারী নিজে অথবা মনোনীত প্রতিনিধির মাধ্যমে জমা দিতে হবে। একই সঙ্গে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত আগ্নেয়াস্ত্র বহন ও প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জমা করা অস্ত্র আবশ্যিকভাবে ১৫ ফেব্রুয়ারি বিকাল ৫টা পর্যন্ত সংশ্লিষ্ট থানায় বা সেফ কিপিংয়ে সংরক্ষিত থাকবে। এই আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে দি আরমস অ্যাক্ট, ১৮৭৮-এর সংশ্লিষ্ট ধারার বিধান অনুযায়ী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশ নিম্নবর্ণিত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না—১. আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, ২. বিভিন্ন সরকারি, আধা সরকারি ও বেসরকারি দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান এবং ৩. স্থাপনাগুলোয় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা।
আগ্নেয়াস্ত্রের লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা, ২০২৫ অনুযায়ী নির্বাচন কমিশনে বৈধভাবে মনোনয়নপত্র দাখিল ও গৃহীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এবং তাদের সশস্ত্র রিটেইনার।
ব্যাখ্যা : এ আদেশে ‘শৃঙ্খলা বাহিনী’ বলতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৫২-এ বর্ণিত শৃঙ্খলা বাহিনীকে বোঝাবে।
সূত্র : বাসস
মন্তব্য করুন








