বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটূক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টার দিকে সাইবার নিরাপত্তা আইনে গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর এলাকা তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত গোলাম মোস্তফা (৩৪) হরিরামপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, অভিযুক্ত গোলাম মোস্তফা বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অশ্লীল ও বিদ্বেষমূলক তথ্য ছড়ায়। বিষয়টি দেখে স্থানীয় ইউনিয়ন বিএনপি নেতাকর্মীরা পুলিশকে জানায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের খয়েরপুকুর হাটস্থ সোমা স্টুডিওর সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় বুধবার (২১ জানুয়ারি) অভিযুক্ত গোলাম মোস্তফাসহ অজ্ঞাতনামা ২/৩ জনের বিরুদ্ধে পার্বতীপুর মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন ১০ নম্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তপু।
পার্বতীপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মমিনুল ইসলাম বলেন, আমাদের চেয়ারম্যান তারেক রহমানের গৌরব, সম্মান, দেশপ্রেম, রাজনৈতিক দুরদর্শিতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছেন গোলাম মোস্তফা। তিনি কাণ্ডজ্ঞানহীন ও মিথ্যা পোস্ট দিয়ে উদ্দেশ্যেমূলকভাবে অপরাধমূলক কর্মকাণ্ড করেছে।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক বলেন, অভিযুক্ত গোলাম মোস্তফাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। অভিযুক্তকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন








