স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবে যোগদান করেছেন প্রথিতযশা শিক্ষাবিদ ড. শরীফ নাফে আস্-সাবের। প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্ট-২০১০ এর ৩১ (১) ধারা অনুযায়ী রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য চার বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগ কার্যকর হয়েছে তার যোগদানের তারিখ থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের প্রধান প্রদীপ্ত মোবারক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. ফারাহনাজ ফিরোজের প্রস্তাবের ভিত্তিতে রাষ্ট্রপতি এ নিয়োগ আদেশ দেন।
ড. শরীফ নাফে আস্-সাবের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন একাডেমিক নেতা, কৌশলবিদ ও সুশাসন বিশেষজ্ঞ। তার কর্মজীবন তিন দশকেরও বেশি সময়জুড়ে বিস্তৃত। স্টামফোর্ডে যোগদানের আগে তিনি ওমানের Sultan Qaboos University-এর ব্যবস্থাপনা বিভাগে অধ্যাপনা করেছেন। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিনি জাতিসংঘের Principles for Responsible Management Education মধ্যপ্রাচ্য অধ্যায়ের ভাইস চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করেন।
এর আগে তিনি অস্ট্রেলিয়ার RMIT University-এ সহযোগী অধ্যাপক, ডেপুটি হেড, অ্যাসোসিয়েট ডিন গবেষণা ও উদ্ভাবন, ভারপ্রাপ্ত ডেপুটি প্রো-ভাইস চ্যান্সেলরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন। সেখানে তিনি টেকসই উন্নয়নভিত্তিক মাস্টার অব ইন্টারন্যাশনাল বিজনেস প্রোগ্রাম চালু করেন এবং Jean Monnet Sustainable Development Goals Network-এ ক্লাস্টার লিডার হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি Monash University-এ এমফিল (ইন্ডাস্ট্রি) প্রোগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক ও আন্তর্জাতিক ব্যবসা প্রোগ্রামের পরিচালক ছিলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বোর্ডের নির্বাচিত সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। এছাড়া University of Tasmania এবং Massey University-এ একাডেমিক নেতৃত্ব প্রদান করেছেন।
শিক্ষাজীবনে তিনি ইউনিভার্সিটি অব তাসমানিয়া থেকে পিএইচডি, মনাশ ইউনিভার্সিটি থেকে এমবিএ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে ডিগ্রি অর্জন করেন। তার গবেষণার প্রধান ক্ষেত্র সুশাসন, জননীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, নৈতিকতা ও আন্তর্জাতিক ব্যবসা কৌশল। তিনি অস্ট্রেলিয়ান রিসার্চ কাউন্সিলসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার গবেষণা অনুদান লাভ করেছেন এবং একাধিক পিএইচডি গবেষক তত্ত্বাবধান করেছেন।
একাডেমিক কার্যক্রমের পাশাপাশি তিনি বাংলাদেশ সিভিল সার্ভিসে স্থানীয় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। শিক্ষা, গবেষণা ও জনসম্পৃক্ততায় তার অবদান আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশংসিত।
রাষ্ট্রপতির নিয়োগাদেশের প্রতি আনুগত্য ও শ্রদ্ধা জানিয়ে সোমবার (১৬ ফেব্রুয়ারি) ড. শরীফ নাফে আস্-সাবের আনুষ্ঠানিকভাবে উপাচার্যের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান এবং শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








