ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ২৫তম সমাবর্তন রাজধানীর আফতাবনগর খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) আয়োজিত সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (বিপিএসসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম শিক্ষার্থীদের মাঝে ডিগ্রি প্রদান করেন।
সমাবর্তনে আন্ডারগ্র্যাজুয়েট ও গ্র্যাজুয়েট প্রোগ্রামের মোট ১ হাজার ৮৫৭ জন শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়। এ ছাড়া সিজিপিএ ৪.০০-এর মধ্যে ৪.০০ অর্জনকারী অনন্য মেধাবী ৯ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক প্রদান করা হয়।
ডিগ্রি প্রদান শেষে শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম বলেন, জ্ঞান ও দক্ষতা তখনই অর্থবহ হয়, যখন তা নৈতিকতার আলোকে পরিচালিত হয়।
এ সময় সমকালীন বৈশ্বিক বাস্তবতার প্রেক্ষাপট তুলে ধরে তিনি জাতীয় ও বৈশ্বিক অস্থিরতা দূর করে একটি শান্তিপূর্ণ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে তরুণদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি প্রকৃতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, মানুষের অস্তিত্ব প্রকৃতির ওপর নির্ভরশীল; তাই প্রকৃতি রক্ষার নৈতিক দায়িত্ব সবারই রয়েছে।
অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। তিনি বলেন, আমাদের জাতি এখন শুধু চাকরিপ্রার্থী নয়, বরং সমস্যার সমাধানকারী ও নৈতিক পেশাজীবী খুঁজছে। তার মতে, উচ্চ বেতন, পদবি কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় প্রোফাইলই সফলতার একমাত্র মাপকাঠি নয়; বরং সমাজ, দেশ ও বিশ্বের ওপর ইতিবাচক প্রভাব ফেলতে পারাই প্রকৃত সফলতা। তিনি আরও বলেন, বারবার ব্যর্থতার মধ্য দিয়েই একসময় সাফল্য আসে।
বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সর্বদা মেধাকে প্রাধান্য দিয়ে সকলকে সঙ্গে নিয়ে স্বচ্ছতার সঙ্গে এগিয়ে চলার চেষ্টা করেছে।
তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, এখান থেকে অর্জিত দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ কাজে লাগিয়ে গ্র্যাজুয়েটরা ভবিষ্যতে একটি বৈষম্যহীন ও সমতাভিত্তিক সমাজ গঠনে ভূমিকা রাখবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ডিগ্রি অর্জনের আত্মতৃপ্তিতে ‘কমফোর্ট জোনে’ থেমে থাকলে স্থবিরতা চলে আসে। তাই ভবিষ্যৎ নির্মাণে কমফোর্ট জোন ছেড়ে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তিনি বলেন, বর্তমান বিশ্বে প্রতিযোগিতা শুধু সহকর্মীদের সঙ্গেই নয়, বরং বিশ্বের সবচেয়ে দক্ষ ব্যক্তির সঙ্গেও হতে পারে। পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে সুনাগরিক হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবর্তন অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের বিশিষ্টজন, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারপার্সন, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, গ্র্যাজুয়েট ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। শিক্ষা জীবনের শেষে সময়মতো সনদ হাতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।
মন্তব্য করুন








