ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, নতুনভাবে অন্য কোনো জোটে যাওয়ার আর সুযোগ নেই। অবশ্যই শরিয়া অনুযায়ী কোরআন ও সুন্নাহর ভিত্তিতে যদি আইন প্রণয়ন করে এবং সুযোগ হয়, তবে আবার হবে।
বুধবার (২১ জানুয়ারি) দুপুর ২টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। মুফতি সৈয়দ মোহাম্মাদ ফয়জুল করীম দুইটি (বরিশাল সদর-৫ ও বাকেরগঞ্জ-৬) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফয়জুল করীম বলেন, আমাদের মূল থিম ছিল ইসলামের পক্ষে একটা বাক্স। এখন ইসলামের পক্ষে হাতপাখার একটা বাক্স আছে। বিগত দিনে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ১২ ফেব্রুয়ারি মানুষ ভোটাধিকার প্রয়োগ করবে।
নির্বাচনে প্রশাসন যেন একদিকে ঝুঁকে না পড়েন। দখলদারি ও কালো টাকার ব্যবহার যাতে নির্বাচনে না হয়। নির্বাচনে প্রশাসনের পক্ষ থেকে হয়রানি করা হলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। এ ছাড়া নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত বরিশাল গড়ার প্রত্যয়ও ব্যক্ত করেন ফয়জুল করীম।
মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নেতা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন








