বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ক্ষমতায় গেলে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পরিবারের প্রধান নারীকে এ কার্ড দেওয়া হবে। এর মাধ্যমে মাসিক ভিত্তিতে ২ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হবে। এ ছাড়া দেওয়া হবে খাদ্যসামগ্রী।
তিনি আরও বলেন, বিদেশ গমনেচ্ছুদের জন্য বহুমাত্রিক দক্ষতা বাড়াতে কারিগরি শিক্ষা আধুনিকায়ন করা হবে, বিভিন্ন দেশের ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের একটি পাঁচ তারকা হোটেলের কনফারেন্স রুমে তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
‘দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’ শীর্ষক অনুষ্ঠানে শিক্ষার্থীদের কথা শুনছেন তিনি। একই সঙ্গে তরুণদের উদ্দেশে দেশের ভবিষ্যৎ গঠন, রাজনীতি ও নীতিনির্ধারণে তরুণদের ভূমিকা নিয়ে দিকনির্দেশনা দেন তারেক রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সিলেট থেকেই আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করছেন বিএনপির চেয়ারম্যান। বিএনপির জনসভার জন্য নির্ধারিত নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে দলটির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের ঢল নেমেছে। সকাল ১০টা থেকে তারা আসন গ্রহণ করতে শুরু করেছেন। সমাবেশে সিলেট ও সুনামগঞ্জের ১১টি আসনের প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান।
মন্তব্য করুন








