ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য ও দলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান বলেছেন, সাম্প্রতিক সংঘবদ্ধ অপরাধী চক্র ইসলামী আন্দোলন বাংলাদেশ ও দলের আমিরসহ নেতাদের বিরুদ্ধে লাগাতার মিথ্যাচার করছে। এরই ধারাবাহিকতায় ‘চরমোনাই থেকে সেনাবাহিনী টাকা উদ্ধার করেছে’ জাতীয় একটি ভুয়া ও বানোয়াট সংবাদ অনলাইনে ছড়িয়ে দেওয়া হয়। এ ধরনের মিথ্যাচার ও সাইবার বুলিং নির্বাচনের সামগ্রিক পরিবেশকে অসুস্থ করে তুলছে। নোংরামির বিস্তার করছে। এটা বন্ধ করতে হবে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৩টায় মিন্টোরোডে ডিবিপ্রধান ও অতিরিক্ত পুলিশ কমিশনার শফিকুল ইসলামের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ডিবিপ্রধান শফিকুল ইসলামের সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়েছেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
এ সময় রাজনৈতিক প্রচারের নামে কারও বিরুদ্ধে নিন্দা, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধের দাবি জানান তিনি।
ডিবিপ্রধানের সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন, দলের প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী।
মন্তব্য করুন








