প্রতীক বরাদ্দের পর প্রচারণায় যখন মাঠ সরগরম হওয়ার কথা, ঠিক তখনই নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনে দৃশ্যপটে এল বড় পরিবর্তন। দলের হাইকমান্ডের নির্দেশে আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন বিএনপির স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন।
বুধবার (২১ জানুয়ারি) দুপুরে লালপুর উপজেলার গৌরীপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ডা. ইয়াসির আরশাদ রাজন নাটোর জেলা বিএনপির সদস্য এবং লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক।
সংবাদ সম্মেলনে ডা. রাজন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে এবং দলের ঐক্যের কথা চিন্তা করে আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি। আগামী দিনের রাজনৈতিক লড়াইয়ে বিএনপিকে শক্তিশালী রাখতেই আমার এই আত্মত্যাগ। এ সময় তিনি দলের নেতাকর্মীদের অতীতের বিভেদ ভুলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, নির্বাচন থেকে সরে দাঁড়ালেও লালপুরের মাটি ও মানুষের সঙ্গে আমার সম্পর্ক ছিন্ন হবে না। দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে যে যুদ্ধ আমি শুরু করেছিলাম, তা অব্যাহত থাকবে।
এদিকে ডা. রাজনের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা মেনে নিতে পারছে না কর্মী-সমর্থকরা। সংবাদ সম্মেলনে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং অনেক কর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়। তবে নেতার নির্দেশ শিরোধার্য মেনে শেষ পর্যন্ত উপস্থিত নেতাকর্মীরা দলের সিদ্ধান্তকে স্বাগত জানান এবং ধানের শীষের পক্ষে মাঠে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় তিনি কর্মীদের সান্ত্বনা দেন এবং জানান, দীর্ঘদিনের ত্যাগী অনুসারীদের যেন দলে সঠিক মূল্যায়ন করা হয়, সে বিষয়ে তিনি হাইকমান্ডের সঙ্গে কথা বলেছেন।
মন্তব্য করুন








