ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় নাটোরের তিনজন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের সিদ্ধান্ত জানানো হয়।
এর আগে, মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে নাটোরের দুটি আসনে বিএনপির এই তিন ‘বিদ্রোহী’ প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। পরদিন বুধবার জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনজনের মধ্যে দুজন প্রতীক বরাদ্দ নেন। তবে নাটোর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. ইয়াসির আরশাদ রাজন প্রতীক বরাদ্দ নিতে উপস্থিত ছিলেন না এবং তার পক্ষ থেকেও কেউ সেখানে যাননি।
বহিষ্কৃত নেতারা হলেন- নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, একই আসনের আরেক স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ইয়াসির আরশাদ রাজন এবং নাটোর-৩ (সিংড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সিংড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব দাউদার মাহমুদ।
এদিকে বুধবার বিকেলে ডা. ইয়াসির আরশাদ রাজন এক সংবাদ সম্মেলনে নির্বাচনি মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। একইসঙ্গে তিনি ওই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফারজানা শারমিন পুতুলের পক্ষে কাজ করার অঙ্গীকার করেন। তবে ওই ঘোষণার কয়েক ঘণ্টা পরই বিএনপির কেন্দ্রীয়ভাবে প্রকাশিত বহিষ্কারের তালিকায় তার নাম দেখা যায়।
উল্লেখ্য, দলীয় সিদ্ধান্ত অমান্য করে আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ায় সারা দেশে একযোগে ৫৯ বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। বুধবার রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
মন্তব্য করুন








