চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভা এলাকায় প্রেমঘটিত বিবাদকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে পৌরসভার মর্দানা আয়ুব বাজার সংলগ্ন জমাদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নয়ালাভাঙ্গা ইউনিয়নের বিরাহিমপুর ভাটুটোলা গ্রামের বাসিন্দা এক কিশোরীর সঙ্গে আয়ুববাজার-জমাদারপাড়া এলাকার মো. মেহেদীর সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। বুধবার রাতে প্রেমিকের টানে ওই কিশোরী মেহেদির কাছে চলে যায়। মেয়েকে ফিরিয়ে নিতে তার বাবা সংঘবদ্ধ একটি দল নিয়ে মর্দানা জমাদারপাড়া এলাকায় গিয়ে চড়াও হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ১০-১২ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে মেহেদীর বাড়ির সামনে অবস্থান নেয়। একপর্যায়ে তারা সেখানে ৪-৫টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। বিকট শব্দে ককটেলগুলো বিস্ফোরিত হলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এশিয়া পোস্টকে বলেন, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।’
মন্তব্য করুন








