চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা স্টেশন এলাকায় একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে চাঁপাইনবাবগঞ্জের ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
শনিবার (২৪ জানুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা ৩০টি ওয়াগনবিশিষ্ট তেলবাহী ট্রেন আমনুরা বিদ্যুৎ পাওয়ার প্লান্টে যাচ্ছিল। আমনুরা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির দুটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে লাইনের ওপর ট্রেনটি আটকে পড়ায় দুপুর ১টার দিকে আমনুরা থেকে রাজশাহীগামী লোকাল কমিউটার ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে যেতে পারেনি। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
এ বিষয়ে আমনুরা রেলস্টেশন মাস্টার হাসিবুল হোসেন এশিয়া পোস্টকে জানান, খুলনা থেকে আসা বিদ্যুৎ প্লান্টগামী ট্রেনটি দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে লাইনচ্যুত হয়। এতে নির্ধারিত সময়ের কমিউটার ট্রেনটি ছাড়া সম্ভব হয়নি। দুর্ঘটনার পরপরই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে ওয়াগন লাইনচ্যুতির সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। রেলওয়ে কর্তৃপক্ষ উদ্ধারকারী রিলিফ ট্রেনকে খবর দিয়েছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর পুনরায় এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
মন্তব্য করুন








