কক্সবাজারে রামুতে দুর্বৃত্তদের গুলিতে সীমান্তের আলোচিত শাহীন ডাকাতের সহযোগী শফিউল আলম ওরফে লেদা পুতু নিহত হয়েছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) রাত সোয়া ২টার দিকে উপজেলার গর্জনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাঝিকাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিউল আলম ওরফে লেদা পুতু (২৮) একই এলাকার মৃত আব্দুল হাকিমের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শফিউল আলম নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় সক্রিয় চোরা কারবারি ও ডাকাত শাহীন বাহিনীর সহযোগী। সে একজন চিহ্নিত ডাকাত। ডাকাতি ও হত্যাসহ নানা অভিযোগে তার বিরুদ্ধে রামু থানায় ১২টির বেশি মামলা রয়েছে।
নিহতের স্ত্রী ইয়ামিন আক্তার জানান, তার স্বামী লেবু চাষের পাশাপাশি সবজির ব্যবসা করতেন। গভীর রাতে বাড়িতে তিনি খাবার খাচ্ছিলেন। এ সময় তার পূর্ব পরিচিত তিনজন আলাপের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে বাড়ির সামনে পরপর কয়েকটি গুলি করে তার স্বামীকে ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ বিষয়ে রামু থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া এশিয়া পোস্টকে বলেন, ভোরে শফিউল আলম নিজ বাড়িতে অবস্থান করছিল। এক পর্যায়ে তার পূর্ব পরিচিত তিন ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর কিছুক্ষণ পরই তার মাথায় কয়েকটি গুলি করে দুর্বৃত্তরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ডাকাতদলের মধ্যে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশ প্রাথমিক তথ্য পেয়েছে। তারপরও ঘটনার কারণ জানতে পুলিশ খোঁজখবর নিচ্ছে।
মন্তব্য করুন








