আধুনিক ও দৃষ্টিনন্দন উপজেলা করতে বিভিন্ন স্থান সংস্কাররে উদ্দ্যোগ ইউএনও
ফরিদপুরের মধুখালীকে আধুনিক, পরিষ্কার-পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপজেলা ও পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেছেন মধুখালী পৌর প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।
১৪ সেপ্টেম্বর সোমবার দুপুর ১২টা থেকে এ কার্যক্রম শুরু হয়। পরিদর্শনকালে মধুখালীকে আরও সুন্দর ও পরিকল্পিতভাবে সাজাতে বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগ নিয়ে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের প্রকৌশলীদের সঙ্গে আলোচনা করেন ।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউএনও মো. মাসুদুর রহমান বলেন, “আমি হয়তো চিরকাল মধুখালীতে দায়িত্বে থাকব না। তবে মধুখালীবাসীর জন্য দৃষ্টিনন্দন কিছু করে যেতে চাই, যাতে মধুখালীর মানুষ আমাকে চিরকাল মনে রাখে।”
তিনি জানান, প্রাথমিকভাবে মধুখালীতে একটি হাইওয়ে সড়কে নামফলক ও গেট নির্মাণ, পৌরসভার মধ্যে একটি পানির ফোয়ারা স্থাপন, হাসপাতালের সামনে মানুষের বসে বিশ্রাম নেওয়ার জন্য সুন্দর পরিবেশে বসার স্থান তৈরি, একটি গোলচত্বর নির্মাণ এবং বাজার মসজিদ সংলগ্ন পুকুর সংস্কার ও শানবাঁধানো ঘাট নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর, ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সরদার, মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত, পৌরসভার সহকারী প্রকৌশলী গোলাম আজম, উপজেলা বিএনপির সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, সহ-সভাপতি আক্তার হোসেন মুন্সী, উপজেলা যুবদলের আহ্বায়ক এস এম মুক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম লিটন, ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আরেফিন, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক গোলাম শরাফত শরৎসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।