জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আসা প্রবীণদের অভিজ্ঞতা ও অবদানকে মূল্যায়ন এবং তাঁদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করার আহ্বানের মধ্য দিয়ে জয়পুরহাটের আক্কেলপুরে পালিত হয়েছে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬।
‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক-উর-রহমান, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ। বিশেষ অতিথি ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান কামরুজ্জামান কমল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা এবং সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা, তিলকপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মামুনুর রশিদ পিন্টু।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের বোঝা নন। তাঁদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা, জ্ঞান ও অবদান নতুন প্রজন্মের জন্য মূল্যবান সম্পদ। তাই প্রবীণদের প্রতি সম্মান ও যত্নের পাশাপাশি তাঁদের স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও দায়িত্বশীল হতে হবে।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, প্রবীণ ব্যক্তি, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।