তেঁতুলিয়ায় ‘অপপ্রচারের’ প্রতিবাদে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগকে কেন্দ্র করে নিজের নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও মানববন্ধনে মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে তেঁতুলিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন তিনি। এ সময় নিজের বিরুদ্ধে ছড়ানো বিভিন্ন অভিযোগের বিষয়ে বক্তব্য তুলে ধরেন সুলতানা রাজিয়া এবং এসব অভিযোগকে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সুলতানা রাজিয়া বলেন, গত ২৯ আগস্ট তেঁতুলিয়া উপজেলার টাইয়াগছ এলাকায় এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ ওঠে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়ভাবে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই মানববন্ধনে একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নাম জড়িয়ে বিভিন্ন ধরনের অভিযোগ ও অপবাদ দিয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি বলেন, শুধু মানববন্ধনেই নয়, পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে নানা ধরনের গুজব, মিথ্যা তথ্য ও অপপ্রচার ছড়িয়ে দেওয়া হচ্ছে। এতে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি মানহানির শিকার হচ্ছেন।
সুলতানা রাজিয়া দাবি করেন, ঘটনার সময় তিনি ঢাকায় অবস্থান করছিলেন। তার ছেলে অসুস্থ থাকায় তাকে নিয়ে তিনি ঢাকায় ছিলেন। এ অবস্থায় ভুক্তভোগী শিশুর বাবা মুঠোফোনে তাকে ঘটনাটি জানান। বিষয়টি জানার পর তিনি শিশুটিকে দ্রুত হাসপাতালে ভর্তি করানোর পাশাপাশি থানায় গিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন।
তার ভাষ্য অনুযায়ী , ভুক্তভোগী শিশুর বাবা পরবর্তীতে থানায় গেলেও সেখান থেকে ফেরত চলে আসেন। পরে তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মাধ্যমে তিনি জানতে পারেন, ভুক্তভোগী শিশুর বাবার সঙ্গে অপর পক্ষের সমঝোতা হয়েছে। এ বিষয়ে একটি আপোষনামাও থানায় জমা দেওয়া হয়েছে বলে তিনি জানতে পারেন।
সুলতানা রাজিয়া বলেন, ঘটনার বিষয়ে তিনি শুরু থেকেই আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। অথচ পরবর্তীতে তাকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। এমনকি মানববন্ধনেও তাকে উদ্দেশ্য করে নানা অভিযোগ ও অপবাদ দেওয়া হয়েছে।
তিনি এসব অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপি নেত্রী সুলতানা রাজিয়া আরও বলেন, কোনো অপরাধের ঘটনা ঘটলে তিনি সবসময় আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করার পক্ষে। কিন্তু কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত না থাকা সত্ত্বেও তার নাম জড়িয়ে অপপ্রচার চালানো কোনোভাবেই কাম্য নয়। এতে শুধু তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তিই ক্ষুণ্ন হচ্ছে না, প্রকৃত ঘটনাটিও আড়ালে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া বক্তব্য ও অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানান। একইসঙ্গে যারা পরিকল্পিতভাবে তার নাম জড়িয়ে মিথ্যা তথ্য প্রচার ও মানহানি করেছে, তাদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি।
এ সময় তেঁতুলিয়া উপজেলার ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম, সুলতানা রাজিয়ার দেবর আবু তাহের, ভাতিজা ও বিএনপি নেতা সাইদুর রহমান সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সুলতানা রাজিয়া তার বিরুদ্ধে চলমান কথিত অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানান।