ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
রাজনগরের পাঁচগাঁওয়ে তিনশ বছরের ঐতিহ্য লাল বর্ণে পূজিত হন দেবী দুর্গা
রাজনগরে দুর্যোগ প্রশমনে সচেতনতামূলক মহড়া ও আলোচনা সভা
রাজনগরে দুর্গাপূজার নিরাপত্তায় সিসিটিভি ও জেনারেটর রাখার ওপর গুরুত্বারোপ
রাজনগরে দুর্গাপূজার নিরাপত্তায় সিসিটিভি ও জেনারেটর রাখার ওপর গুরুত্বারোপ
মৌলভীবাজারের রাজনগরে আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) রাজনগর উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল সিংদার। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার বিষয়ে আলোচনা করা হয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটি সূত্রে জানা যায়, এ বছর রাজনগর উপজেলায় ৮২টি সার্বজনীন ও ৫৫টি ব্যক্তিগত মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে উপজেলার জন্য ২ লাখ টাকা ও ৫০ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও দুর্গামণ্ডপে দেশের অন্যতম বৃহৎ ও লাল রঙের প্রতিমার পূজা অনুষ্ঠিত হওয়ায় সেখানে প্রতিবছর বিপুলসংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে। এ কারণে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ প্রস্তুতি নেওয়া হচ্ছে। সভায় জানানো হয়, পূজামণ্ডপের গুরুত্ব বিবেচনায় নিরাপত্তার দায়িত্বে আনসার সদস্য মোতায়েন করা হবে। অতি গুরুত্বপূর্ণ মণ্ডপে আটজন, গুরুত্বপূর্ণ মণ্ডপে ছয়জন এবং অন্যান্য মণ্ডপে চারজন করে আনসার সদস্য দায়িত্ব পালন করবেন। পাশাপাশি পুলিশ সদস্য মোতায়েন, আনসার ও পুলিশের বডি ক্যামেরা ব্যবহার এবং একাধিক টহল দল সক্রিয় রাখার বিষয়েও আলোচনা হয়। নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি পূজামণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন, বিদ্যুৎ-বিভ্রাটের সময় বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা এবং আনসার সদস্যদের সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন সভার সভাপতি। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়। এ ছাড়া সভায় মাদক, চুরি ও জননিরাপত্তাসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা। এসব সমস্যা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার এবং অপরাধ দমনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল আল আলামিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ.কে.এম. মোস্তফির বিল্লাহ, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা প্রকৌশলী আবদুল গনী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মকছেদুল মমিন এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলী হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন উত্তরভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিগেন্দ্র চন্দ্র সরকার, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের আহমদ চৌধুরী, মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহেল হোসেন, টেংরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল মতিন এবং পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জুবেল আহমদ রাসেল। রাজনৈতিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা বিএনপির সহসভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক আব্বাস আলী মাস্টার, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রূপক চন্দ্র দেব, উপজেলা জামায়াতের আমির আবু রায়হান শাহীন এবং বিএনপি নেতা হাকিম বক্স। এ সময় রাজনগর প্রেস ক্লাবের সভাপতি আওয়াল কালাম বেগ, বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধি, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজনগরে তিন ওয়ার্ডে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম
রাজনগরে প্রকৌশলীর নিষেধ উপেক্ষা করে ঢালাই, ঝুলে পড়ল বিদ্যালয়ের নতুন ভবনের ছাদ  
ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও মশার বংশবিস্তার রোধে রাজনগরে পরিচ্ছন্নতা অভিযান
রাজনগর উপজেলা বিএনপির নবগঠিত ১০১ সদস্যবিশিষ্ট কমিটির অভিষেক
রাজনগরে পুকুরে মিলল গৃহবধূর লাশ, মৃত্যু ঘিরে রহস্য

মৌলভীবাজারের রাজনগরে বিনতী রানী কুন্ডু (৫২) নামে এক গৃহবধূর লাশ পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে স্বামীর সঙ্গে অভিমান করে ঘর থেকে বের হওয়ার পরদিন শনিবার সকালে পার্শ্ববর্তী পুকুরে তাঁর লাশ ভাসতে দেখা যায়। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার মনসুরনগর ইউনিয়নের কাটাজুরি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার সুন্দরদী গ্রামের বাসিন্দা অশোক কুন্ডু ও তাঁর স্ত্রী বিনতী রানী কুন্ডু রাজনগরের মনসুরনগর ইউনিয়নের কাটাজুরি গ্রামে হাজেরা বেগমের বাড়িতে ভাড়া থাকতেন। অশোক কুন্ডু রাজনগর বাজারের একটি টেইলার্সের দোকানে কাজ করেন। তাঁদের মধ্যে প্রায়ই পারিবারিক বিষয় নিয়ে কলহ হতো। শুক্রবার রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে রাত সাড়ে ৯টার দিকে ঘর থেকে বের হয়ে যান বিনতী রানী। এরপর তিনি আর ঘরে ফেরেননি। শনিবার সকাল ৮টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে তাঁর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে রাজনগর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানায়, আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে শুক্রবার রাতে বিনতী রানী কুন্ডু ঘর থেকে বের হয়ে যান। তবে রাতে আর ঘরে ফেরেননি। এ সময় তাঁর স্বামী ঘরে অবস্থান করলেও তাঁকে খুঁজতে বের হননি। তবে কীভাবে ওই গৃহবধূ পুকুরে পড়ে মারা গেলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। সিসিটিভি ফুটেজে ওই গৃহবধূকে ঘর থেকে বের হতে দেখা গেলেও পুকুরে পড়ার কোনো দৃশ্য পাওয়া যায়নি। তাঁর স্বামীও রাতে ঘর থেকে বের হননি বলে ফুটেজে দেখা গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

রাজনগরে অনলাইন জুয়ার অভিযোগে কিশোর আটক, মোবাইলে মিলল একাধিক অ্যাপ

মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ফোনটি যাচাই করে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ অর্থের ব্যালান্স ও লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোরটির বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেইন গড়গাঁও গ্রামের গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশের নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চায়ের দোকানে বসে মোবাইল ফোনে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কিশোরটিকে আটক করা হয়। পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে কিশোরটি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করে যাচাই করা হয়। জব্দ করা ইনফিনিক্স (Infinix) HOT 60i 5G মডেলের ফোনে 1X, 1xPartners, 1xBet, 1XC, 1xCasino, 1xCasino Partners ও 1xBet Partners-সহ একাধিক অনলাইন জুয়ার অ্যাপের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুলিশের দাবি, ফোনে থাকা কয়েকটি অ্যাপে অর্থের ব্যালান্স ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়া খেলা ও অর্থ আদান-প্রদানের আলামত শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কিশোরটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ। অভিযানের পর র‍্যাব-৯ আটক কিশোরটিকে রাজনগর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা স্মার্টফোন ও সংশ্লিষ্ট আলামত আইনগত প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কিশোরটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। র‍্যাব-৯ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।

রাজনগরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

মৌলভীবাজারের রাজনগরে নানা কর্মসূচির মধ্য দিয়ে ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে প্রবীণদের অধিকার মর্যাদা স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজাদুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম মুক্তাদির বিল্লাহ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেন শাহা তাহমিনা বেগম ও সাংবাদিক জুয়েল আহমদসহ অনেকে। আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা পরিবার ও সমাজের গুরুত্বপূর্ণ অংশ। দীর্ঘ কর্মজীবনে অর্জিত তাঁদের অভিজ্ঞতা জ্ঞান ও প্রজ্ঞা সমাজের জন্য মূল্যবান সম্পদ। তাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাঁদের প্রতি দায়িত্ব আরও বাড়ে। প্রবীণদের যথাযথ সম্মান নিরাপদ জীবনযাপন প্রয়োজনীয় চিকিৎসাসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আরও বলেন, প্রবীণদের অনেকেই বয়সজনিত বিভিন্ন শারীরিক ও সামাজিক সমস্যার মুখোমুখি হন। তাঁদের একাকিত্ব দূর করার পাশাপাশি স্বাস্থ্যসেবা সহজলভ্য করা সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পারিবারিকভাবে তাঁদের পাশে দাঁড়ানো জরুরি। একই সঙ্গে প্রবীণদের জীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞানকে নতুন প্রজন্মের কল্যাণে কাজে লাগানোর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তাঁরা। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার প্রবীণ ব্যক্তি ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সাংবাদিক জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় উপকারভোগীদের মধ্যে চেক বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী হওয়ার সুযোগ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়। দিবসটির কর্মসূচিতে প্রবীণদের প্রতি সম্মান ও তাঁদের অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি সমাজে তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

রাজনগরে পৃথক দুর্ঘটনায় সিএনজিচালক ও যুবকের মৃত্যু

মৌলভীবাজারের রাজনগরে পৃথক ঘটনায় দুজন নিহত হয়েছেন। এর মধ্যে সড়ক দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক সুধাময় দেব (৫৫) এবং মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কাইয়ূম মিয়া (২২) নিহত হয়েছেন। একই সড়ক দুর্ঘটনায় সিএনজিতে থাকা আরও দুই যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চাটুরা এলাকায় ও সদর ইউনিয়নের উদনাছড়ায় পৃথক এ ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে মৌলভীবাজার থেকে রাজনগরগামী একটি সিএনজি অটোরিকশার (মৌলভীবাজার-থ-১২-৪৯০১) সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো-গ-১৩-৫৯৬৭) মুখোমুখি সংঘর্ষ হয়। মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হয়। আহতদের মধ্যে রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের ভূমিউড়া গ্রামের সুধাময় দেবকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সে তোলার পরপরই তিনি মারা যান। আহত অপর দুই যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, রাজনগর সদর ইউনিয়নের দাসটিলা গ্রামের আনছার আলীর ছেলে কাইয়ূম মিয়া (২২) দুই সহপাঠীর সঙ্গে বাড়ির পাশে উদনাছড়ায় মাছ ধরতে যান। দুপুর দেড়টার দিকে জাল দিয়ে মাছ ধরার সময় তিনি পানিতে তলিয়ে যান। সঙ্গে থাকা দুজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কাইয়ূম মিয়া দীর্ঘদিন ধরে খিঁচুনি রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে তার শরীরে খিঁচুনি সৃষ্টি হয়ে তিনি নিস্তেজ হয়ে পড়তেন। রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। আহতদের মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করা হয়েছে। পানিতে ডুবে নিহত কাইয়ূমের মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রাখা হয়েছে।  

ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক পরে সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার

মৌলভীবাজারের রাজনগরে ম্যাজিস্ট্রেটের সঙ্গে অসদাচরণের অভিযোগে আটক দুই যুবদল কর্মী রিপন আহমদ ও রামিম আহমদকে পরে শ্রীমঙ্গলের একটি সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। রোববার (২৭ সেপ্টেম্বর) আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। তবে পরদিন সোমবার (২৮ সেপ্টেম্বর) শুনানি শেষে তাঁদের জামিন মঞ্জুর করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাজনগর উপজেলা সদরে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে কলেজ পয়েন্ট এলাকায় একটি গাড়ি তাঁদের চাপা দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন রিপন ও রামিম। পরে তাঁরা গাড়িটির পিছু নিয়ে গোবিন্দবাটি এলাকায় সেটির গতিরোধ করেন। গাড়িতে থাকা ব্যক্তিরা নিজেদের মৌলভীবাজারের ম্যাজিস্ট্রেট পরিচয় দিলে তাঁদের সঙ্গে রিপন আহমদের অসদাচরণের অভিযোগ ওঠে। পরে পুলিশ রিপন ও রামিমকে আটক করে রাজনগর থানায় নিয়ে যায়। পরে রাজনগর থানা পুলিশ তাঁদের শ্রীমঙ্গলের একটি সিএনজি চুরি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে পাঠায়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এদিকে তাঁদের গ্রেপ্তার ও কারাগারে পাঠানোর প্রতিবাদে রোববার রাতে রাজনগর থানার সামনে জড়ো হন যুবদল ছাত্রদলসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয়রা। এ সময় তাঁরা তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ নিয়ে প্রশ্ন তুলে বিক্ষোভ করেন। একপর্যায়ে থানা ঘেরাও করে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ও রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম শেলনের উপস্থিতিতে বিষয়টি নিয়ে আলোচনা হয়। এ সময় নুরুল ইসলাম সেলনসহ বিএনপির আরও নেতাকর্মী থানায় উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে পুলিশ কর্মকর্তারা বিষয়টি নিয়ে আলোচনা করেন। পরে সকালে তাঁদের জামিনের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে এমন আশ্বাসের পর বিক্ষুব্ধরা থানা এলাকা থেকে চলে যান। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) আদালতে তাঁদের জামিনের আবেদন করা হলে শুনানি শেষে আদালত রিপন আহমদ ও রামিম আহমদের জামিন মঞ্জুর করেন।

রাজনগরে বিএনপির বিক্ষোভ মিছিল-সমাবেশ-আওয়ামী লীগকে নূরুল ইসলামের সতর্কবার্তা

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগের প্রতিবাদে মৌলভীবাজারের রাজনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজনগর উপজেলা পরিষদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে রাজনগর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে বাজার এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার আটটি ইউনিয়ন থেকে বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলন ও সাধারণ সম্পাদক আব্বাস আলী। এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি কবির মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গির আলম সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেব বিএনপি নেতা জামি আহমদ এনামুল হক চৌধুরী নাহাস ও জুবায়ের আহমদ চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। জুবায়ের আহমদ চৌধুরী রাজনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল নেতা মাহবুব আল জামাল উপজেলা যুবদলের সদস্যসচিব শেখ মোহাম্মদ রুকন আহমেদ যুবদলের আহ্বায়ক জসেফ খান বিএনপি নেতা এনামুল হক চৌধুরী ও উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলন। এ সময় বিভিন্ন ইউনিয়ন থেকে আসা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলন বলেন, রাজনগরের শেষ সীমান্ত ও কমলগঞ্জ উপজেলার কিছু এলাকায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের খবর শুনেছি। কারও প্ররোচনায় এ ধরনের মিছিলে জড়াবেন না, নিজেদের বিপদ নিজেরা ডেকে আনবেন না। অতীতে আওয়ামী লীগের অনিয়ন্ত্রিত রাজনীতির কারণে বিএনপির অনেক নেতাকর্মী হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন আমরা তা ভুলে যাইনি। তাই স্পষ্ট করে সতর্ক করে দিচ্ছি রাজনগরের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমাবেশে বিএনপি যুবদল ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাজনগরের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।

রাজনগরে মাদকবিরোধী অভিযান, চারজনের অর্থদণ্ড

মৌলভীবাজারের রাজনগরে মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে অনলাইন জুয়া-সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে। সোমবার ভোররাতে উপজেলার মোকামবাজার এলাকায় স্থানীয় সচেতন মহল ও যুবসমাজের সদস্যরা কয়েকজনকে আটক করে প্রশাসন ও পুলিশকে খবর দেন। পরে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এবং রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একটি চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত অ্যাপও পাওয়া যায়। কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন রাজনগর উপজেলার মেদিনী মহল গ্রামের নূর মিয়ার ছেলে আনকার মিয়া (৪৫) উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের মোহাম্মদ এলই মিয়ার ছেলে তাহের রাব্বি (২২) একই ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের জমির উদ্দিন মিয়ার ছেলে আলী আহমদ (২২) এবং সিলেটের উসমানীনগর উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে জাবের আহমদ (৩৪)। এ ছাড়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ওয়ারা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শাহজাহান মিয়ার মোবাইল ফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত অ্যাপ পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাজনগর থানায় সোপর্দ করা হয়। রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। বিশেষ করে ইয়াবার মতো মাদক এবং অনলাইন জুয়ার কারণে তরুণদের একটি অংশ নানা অপরাধ ও সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, এলাকার যুবসমাজ সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে এগিয়ে এলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।

আরও
X