শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচনের পক্ষে আন্দোলনে শিক্ষার্থীদের সঙ্গে অংশগ্রহণ করায় ছাত্রদল নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী শাবিপ্রবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জুনায়েদ হাসানকে সাংগঠনিক পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।
এতে আরও বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন। ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনোরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
জানা যায়, শাকসু নির্বাচন বাতিলের দাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা ঢাকায় নির্বাচন কমিশন ঘেরাও করে দুই দিন আন্দোলন করছে। কিন্তু জুনায়েদ হাসানকে শাকসুর দাবিতে শাবিপ্রবিতে সরব ছিলেন।
এরই ধারাবাহিকতায় শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ১৪ দফা ইশতেহার ঘোষণা করেন তিনি। এ সময় সাংবাদিকদের তিনি বলেন, ছাত্র সংসদ কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম নয়, এটি শিক্ষার্থীদের একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম। শিক্ষার্থীদের স্বার্থে দলীয় প্রভাবমুক্ত থেকে স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিচ্ছি।
দলীয় চাপে তিনি শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে থাকবেন কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যতই দলীয় চাপ আসুক তাতে আমি ভয় করছি না। শিক্ষার্থীদের জন্য কাজ করার লক্ষ্যে আমি নির্বাচনের সর্বশেষ পর্যন্ত মাঠে থাকব। আশা করছি শিক্ষার্থীরা এটাকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।
বহিষ্কারের বিষয়ে ছাত্রদল নেতা জুনায়েদ হাসান বলেন, দল যেহেতু সিদ্ধান্ত নিয়েছে, এ বিষয়ে আমার বলার কিছু নেই। আমি শাকসুতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করছি। শাকসু শিক্ষার্থীদের একটি প্ল্যাটফর্ম, সেখান থেকে সরে আসার সুযোগ নেই। দলের বাইরে নির্বাচন করলে দলীয় সিদ্ধান্ত আসতে পারে এটা জানা ছিল। তবে আমাকে বহিষ্কারের আগে কোনো কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়নি।
মন্তব্য করুন








