ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি অমিত হাসান ও শাবনূর যেন হঠাৎ ফিরে গেলেন তাদের সোনালি যুগে। ১৯৯৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলোনা আমায়’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘একদিকে পৃথিবী’-তে একসঙ্গে পারফর্ম করে দর্শক মাতিয়েছিলেন এই দুই তারকা। ২৬ বছর পর সেই একই গানে আবারও একফ্রেমে দেখা গেল তাদের।
সোমবার (১৯ জানুয়ারি) সকালে চিত্রনায়ক কাজী মারুফের ফেসবুক লাইভে ধরা পড়ে এই মুহূর্ত। মাত্র ২১ সেকেন্ডের সেই লাইভে দেখা যায়, পেছনে বাজছে ‘একদিকে পৃথিবী’ গানটি, আর তাতে তাল মিলিয়ে নাচছেন অমিত হাসান ও শাবনূর। পাশে ছিলেন কাজী মারুফসহ আরও কয়েকজন অতিথি।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে তৈরি হয় নস্টালজিয়া। অনেকেই ভালোবাসা ও প্রশংসায় ভাসিয়েছেন এই জনপ্রিয় জুটিকে। কেউ কেউ আবার হঠাৎ তাদের একসঙ্গে দেখে বিস্ময় প্রকাশ করেছেন।
চিত্রনায়িকা শাবনূর পরিবার নিয়ে মূলত অস্ট্রেলিয়ায় বসবাস করলেও বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। জানা গেছে, ছেলে আইজানকে খুশি করতেই তার এই সফর। যুক্তরাষ্ট্রে অবস্থানকালে ঢাকাই সিনেমার আরেক জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সঙ্গেও দেখা করেন তিনি।
এ সময়েই শাবনূর উদ্যাপন করেছেন তার ৪৬তম জন্মদিন। প্রবাসী বন্ধু, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হন জনপ্রিয় এই অভিনেত্রী।
মন্তব্য করুন








