ছোট পর্দায় প্রায় সব ধরনের চরিত্রে নিজের অভিনয়শৈলী দিয়ে দর্শকহৃদয় জয় করেন অভিনেত্রী তানিয়া বৃষ্টি। হঠাৎ করে তার ব্রেন টিউমারে আক্রান্তের খবরে শঙ্কার ছায়া নেমে আসে বিনোদন ভুবনে। এই দুঃসংবাদের রেশ কাটতে না এবার সামনে আসলও আরও এক খারাপ সংবাদ। চলচ্চিত্র অভিনেত্রী শাহনূরের প্যানক্রিয়াসে টিউমার ধরা পড়েছে।
কিছুদিন ধরে শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন শাহনূর। চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষার পর তার প্যানক্রিয়াসে টিউমার শনাক্ত হয়। চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন।
শাহনূর জানিয়েছেন, নিউইয়র্কের মাউন্ট সিনাই ম্যানহাটন হাসপাতালে তার চিকিৎসা হবে। চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট মিললেই দু-এক দিনের মধ্যে অপারেশন করা হতে পারে। বিলম্ব হলে শারীরিক জটিলতা বাড়তে পারে বলেও সতর্ক করেছেন চিকিৎসকরা। এ অবস্থায় সবার কাছে দোয়া চেয়েছেন অভিনেত্রী।
এদিকে অসুস্থতার খবর জানিয়ে নিজের ফেসবুকে একটি আবেগঘন পোস্টও দেন শাহনূর। সেখানে তিনি লেখেন, জীবনে যদি কখনো তার কথা বা আচরণে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে যেন তাকে ক্ষমা করে দেওয়া হয়। দীর্ঘ ২৬ বছরের ক্যারিয়ারে তিনি ব্যক্তিগত স্বার্থের চেয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে উল্লেখ করেন। কারও প্রতি বিদ্বেষ বা হিংসা নয়, বরং সবসময় ইতিবাচক চিন্তা ও কাজ করার চেষ্টা করেছেন বলেও জানান তিনি।
পথশিশু ও প্রতিবন্ধী শিশুদের প্রতি নিজের বিশেষ ভালোবাসার কথাও তুলে ধরেন এই অভিনেত্রী। পাশাপাশি বৃদ্ধাশ্রমের বাবা-মায়েদের জন্য কাজ করার অভিজ্ঞতার কথাও জানান। নিজের জন্য বিলাসবহুল জীবন গড়ার চেয়ে মানুষের কল্যাণে কাজ করাকেই বেশি গুরুত্ব দিয়েছেন বলে লেখেন তিনি। তার বিশ্বাস, মানুষের দোয়া-ই শেষ পর্যন্ত সঙ্গে থাকবে।
২০০০ সালে ‘জিদ্দি সন্তান’ চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে অভিষেক হয় শাহনূরের। এরপর অসংখ্য চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও বিজ্ঞাপনেও কাজ করেছেন তিনি।
মন্তব্য করুন








