ঢালিউডের লাস্যময়ী নায়িকা মৌ খান চলচ্চিত্রপাড়ায় বেশ জনপ্রিয় মুখ। অভিনয় নৈপুণ্য দিয়ে দর্শকের মনে অনেক আগেই জায়গা করে নিয়েছেন তিনি। নাটক, বিজ্ঞাপন ও সিনেমায় নিয়মিত কাজ করে চলেছেন এই অভিনেত্রী।
ভালোবাসা দিবসকে কেন্দ্র করে অনেকেই নিজের মতো করে নানা পরিকল্পনা করছেন। সেই কাতারে আছেন নায়িকা মৌ খানও।
ভালোবাসা দিবসকে নিয়ে মজার স্মৃতিচারণ করে এশিয়া পোস্টকে মৌ খান বলেন, তেমন কোনো পরিকল্পনা নেই আমার। কারণ, এখনও কাউকে সেভাবে পছন্দ হয়নি। আমার এখনও মনে হয়নি তেমন কাউকে নিয়ে, যাকে নিয়ে আমি একসঙ্গে চলতে পারব।
প্রথম ভালোবাসার প্রস্তাবের স্মৃতিচারণ করে এই নায়িকা বলেন, ষষ্ঠ শ্রেণিতে প্রথম প্রেমের প্রস্তাব পেয়েছিলাম। কোনো এক ভালোবাসা দিবসে আমার বাসার বারান্দায় কেউ একজন চিঠি রেখে যায়। আমি তখন সেটা নিয়ে কান্না করতে করতে আম্মুর কাছে দিয়ে দিয়েছিলাম।
কেমন জীবনসঙ্গী চান—এমন প্রশ্নের জবাবে মৌ খান বলেন, জীবনসঙ্গী হিসেবে আমি খুব লয়াল একজন চাই। যার সঙ্গে সারাজীবন সুখ-দুঃখে কাটিয়ে দেব।
২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন মৌ। এরপর বেশকিছু সিনেমায় তাকে দেখা যায়। বর্তমানে মুক্তির অপেক্ষায় আছে মৌ অভিনীত সিনেমা ‘বাংলার হারকিউলিস’। প্রযোজনা করেছেন মনোয়ার হোসেন ডিপজল এবং পরিচালনা করেছেন মনতাজুর রহমান আকবর। এ ছাড়া নির্মাণাধীন রয়েছে জাফর আল মামুন পরিচালিত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমাটি।
মন্তব্য করুন








