ঢাকার জনপ্রিয় অভিনয় জুটি সুনেরাহ বিনতে কামাল ও ফররুখ আহেমদ রেহান এবার নেপালের জমসম শহরে শুটিং করেছেন নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ও জান’। বরফের ঠান্ডা আবহাওয়া এবং পাহাড়ের মনোরম দৃশ্যের মধ্যে শুটিং হওয়া এই সিনেমাটি দর্শকদের জন্য এক বিশেষ চমক নিয়ে আসবে।
নেপালের মুস্তাং অঞ্চলের জমসম শহর সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২৭৬০ মিটার উঁচুতে অবস্থিত এবং এটি নেপালের শীতলতম শহরগুলোর মধ্যে অন্যতম। কালী গান্ধাকী নদীর তীরে থাকা এই শহর বহু বলিউড সিনেমার জন্য পরিচিত। এবার ঢাকার দুই জনপ্রিয় অভিনেতা সুনেরাহ ও রেহান এখানে শুটিং করেছেন।
গানচিল মিউজিকের এই নতুন প্রজেক্টটি মাইনাস ৮ থেকে ১০ ডিগ্রিতে শুটিং করা হয়েছে। সুনেরাহ বলেন, জমসম শহরের দৃশ্য এত সুন্দর যে মনে হয় কোনো শিল্পীর হাতে আঁকা। এমন এক স্থানে কাজ করার অভিজ্ঞতা তার জীবনের স্মৃতির অংশ হয়ে থাকবে।
‘ও জান’ মূলত গত বছরের হিট গান ‘ময়না’-র টিমের দ্বিতীয় প্রজেক্ট। গানটির কণ্ঠ কোনাল ও নিলয়ের, কথা লিখেছেন আসিফ ইকবাল। এবার সুরের দিকেও নতুনত্ব এসেছে— ঢাকার আভ্রাল সাহি ও কলকাতার লিংকন যৌথভাবে সুর করেছেন। সংগীতায়োজনে ছিলেন আভ্রাল সাহি।
এই মিউজিক্যাল ফিল্মে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করেছেন সুনেরাহ ও রেহান। রেহান শুটিং অভিজ্ঞতা নিয়ে বলেন, নেপালের প্রাকৃতিক সৌন্দর্য এবং গান ও দৃশ্যায়নের মিল দর্শকদের হৃদয় ছুঁয়ে যাবে। ঠান্ডা পরিবেশে কাজ কিছুটা চ্যালেঞ্জিং হলেও ছবির দৃশ্য সৌন্দর্য তা পুরোপুরি মিটিয়ে দিয়েছে।

নির্মাতা তানিম রহমান অংশু জানান, গানচিল সবসময় ভিডিওতে নতুন ধারা নিয়ে আসে। ‘ও জান’-এ আমরা এমন প্রযুক্তি ব্যবহার করেছি, যাতে দর্শকরা জমসম শহরের তুষার, পাহাড় এবং প্রেম একসাথে উপভোগ করতে পারেন।
এই মিউজিক্যাল ফিল্মটি ৩০ জানুয়ারি গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে। প্রজেক্টটি বাংলাদেশ, ভারত ও নেপালের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। ভারতের সিনেমাটোগ্রাফার ও কোরিওগ্রাফার, নেপালের লোকেশন ম্যানেজার এবং বাংলাদেশের পরিচালক ও কো-প্রডিউসারের সমন্বয়ে কাজটি সম্পন্ন হয়েছে।
‘ও জান’-এ প্রেমের একটি সুন্দর গল্প থাকবে, যেখানে গান, কথা এবং দৃশ্যায়নের সমন্বয় দর্শকদের একটি অনন্য অভিজ্ঞতা দেবে, বলেছেন গীতিকার আসিফ ইকবাল।
মন্তব্য করুন








