এইচ আল বান্নার প্রথম পরিচয় তিনি একজন ফিল্ম মেকার। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে ডকুমেন্টারি ফিল্ম তৈরি করেছেন। পরিকল্পনা আছে আগামীতে দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির হয়ে নিয়মিত কাজ করার। এরই মধ্যে গল্প নিয়ে ভাবতে শুরু করেছেন এই নির্মাতা। সংগীত ও গান লেখা নিয়েও রয়েছে তার ব্যস্ততা। এ ব্যস্ততাই সম্প্রতি তাকে নিয়ে এসেছে আলোচনায়। যে আলোচনা ছড়িয়ে গেছে দেশ থেকে বিদেশে। কারণ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তিনি তৈরি করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জন্য একটি গান। আলোচনায় আসা গানটির শিরোনাম ‘নৌকা ধানের শীষ লাঙ্গল দেখা শেষ, দাঁড়িপাল্লা এবার গড়বে বাংলাদেশ’। গানটির কথা ও সুর করেছেন এইচ আল বান্না।
নির্বাচনের আবহে গানটি এরই মধ্যে দেশ-বিদেশে দারুণ সাড়া ফেলেছে। এই বিশেষ গান ও এর নেপথ্যের ভাবনা নিয়ে এশিয়া পোস্টের সঙ্গে আড্ডা হয় তার। শুরুতেই জনপ্রিয় গানটির বিষয়ে বান্না বলেন, ‘প্রথমে এ গানটি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন নির্দিষ্ট প্রার্থীর নির্বাচনী প্রচারণার কথা মাথায় রেখে তৈরি করা হয়। এরপর গানের জনপ্রিয়তার কারণে সব প্রার্থী এটি ব্যবহার করতে শুরু করেন। গানটি হয়ে যায় সর্বজনীন।’
এরপর গানটির ভাবনা নিয়ে বান্না বলেন, ‘আমি জামায়াতের কয়েকটি নির্বাচনী এলাকার প্রচারণার দায়িত্বে আছি। এর কারণে সাধারণ মানুষের কাছে গবেষণার জন্য যেতে হয়। তখন তারা আমাদের কাছে নিজেদের পছন্দ ও কিছু সিদ্ধান্তের কথা জানান। যে সিদ্ধান্তের মধ্যে একটি হচ্ছে, আমরা এর আগে নৌকা, ধানের শীষ ও লাঙ্গল দেখেছি। এবার দাঁড়িপাল্লা দেখতে চাই। তাদের সেই চাওয়া থেকেই গানের আইডিয়া আসে মাথায়। এরপর পুরো গানটি লিখে সুর করে এআইর মাধ্যমে কণ্ঠ ধারণ করে প্রকাশ করা হয়। তারপর মানুষের এমন ভালোবাসা সত্যিই আনন্দের।’
বান্না গানটির কথাগুলো যেন বাস্তবায়িত হয়, সে প্রত্যাশা করেন এবং নির্বাচন সামনে রেখে তিনি নতুন আরও কয়েকটি গান প্রকাশের পরিকল্পনার কথা বলেন। জানান দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজের পরিকল্পনাও। সুযোগ হলে দেশের আর্ট, কালচার ও নিজেদের গল্প নিয়ে ঢালাওভাবে কাজ করতে চান এই নির্মাতা।
মন্তব্য করুন








