‘আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না।’ কথাটি সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ঢাকা-১৭ আসনে ভোট চাইতে গিয়ে গণমাধ্যমের সামনে বলেন সংগীতশিল্পী রবি চৌধুরী।
এই আসনে প্রার্থী হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য ভোট চাইতে এদিন পুলিশ প্লাজা থেকে গুলশান গার্ডেন ও এর আশপাশের এলাকায় গণসংযোগ করেন দলটির সমর্থক শিল্পীদের একটি অংশ। যেখানে উপস্থিত ছিলেন—অভিনেত্রী রিনা খান, সংগীতশিল্পী মনির খান, চিত্রনায়িকা সামসুন নাহার সিমলা, অভিনেতা শাহেদ শরীফ খানসহ আরও কয়েকজন।
বিএনপিপন্থি শিল্পীদের প্রচারণায় সরেজমিনে গিয়ে দেখা যায়—সাধারণ পথচারী, রিকশাচালক থেকে শুরু করে স্থানীয়দের কাছে তারা দলটির জন্য দোয়া ও ভোট চান।
এ সময় অনেকের সঙ্গে কুশল বিনিময় করে বিএনপি চেয়ারম্যানকে জয়যুক্ত করার জন্যও অনুরোধ করেন তারা। প্রচারণার এক পর্যায়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন শিল্পীরা। ভোট নিয়ে দলটির প্রতিশ্রুতিও তুলে ধরেন মনির খান ও রিনা খানরা। আরও কথা বলেন, শাহেদ-সিমলারা।
এরপর সাংবাদিকদের উদ্দেশ্যে অনেকটা আক্ষেপ নিয়ে সংগীতশিল্পী রবি চৌধুরী বলেন, ‘এখন ফেসবুক তো গরম হয়ে গেছে। সম্প্রতি আমি এবং মনির খান ঠাকুরগাঁও জেলায় বিএনপির জন্য ভোট চাইতে গিয়েছিলাম। সেখানে অনেকেই প্রশ্ন তোলে আমাকে নিয়ে যে, আমি নৌকার জন্য ভোট চেয়েছিলাম।’
এরপর তাদের উদ্দেশ্যে রবি বলেন, ‘আমাকে দালাল বানাবেন না, আমি দালাল না। আমি কি কাজ করি, আমার এলাকায় গিয়ে দেখেন। মমতাজ আমাকে দাওয়াত দিয়েছিল, টাকার বিনিময়ে তার অনুরোধে তার মার্কার জন্য আমি ভোট চেয়েছি। এখানে আমি কারও দালালি করিনি। আমি গান গাইতে গিয়েছি, যেখানে টাকা দেবে সেখানেই গান গাইব, সেটা যেই হোক।’
এরপর তার সঙ্গে দেশের রাজনৈতিক ব্যক্তিত্বদের যে সম্পর্ক তা নিয়েও ব্যাখ্যা করেন এই শিল্পী। তার ভাষ্যতে তিনি উপস্থিত সাংবাদিকদের স্পষ্ট করেন, একজন শিল্পী যে কারোর জন্য গান গাইতে পারেন, কারণ এটি তার পেশা। সে জন্যই হত্যা মামলার আসামি মানিকগঞ্জ-২ (সিঙ্গাইর ও হরিরামপুর) আসনের সাবেক সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের হয়ে নৌকা মার্কায় ভোট চেয়েছেন তিনি।
মন্তব্য করুন








