আজ ১৪ ফেব্রুয়ারি—বিশ্ব ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন। দিনটি সংগীতপ্রেমীদের জন্য আরও তাৎপর্যপূর্ণ। কারণ, আজ দেশের জনপ্রিয় রক সংগীতশিল্পী শাফিন আহমেদের জন্মদিন। কিংবদন্তি সুরকার কমল দাশগুপ্ত এবং প্রখ্যাত নজরুলসংগীত শিল্পী ফিরোজা বেগমের সন্তান হিসেবে তিনি ছোটবেলা থেকেই সংগীতের আবহে বেড়ে ওঠেন। উচ্চাঙ্গসংগীত, নজরুলসংগীত ও পাশ্চাত্য ধারার সংগীতচর্চা তার শিল্পীজীবনের ভিত গড়ে দেয়।
বাংলা রক ও ব্যান্ড সংগীতে তার নাম উচ্চারিত হয় বিশেষ মর্যাদায়। ঐতিহাসিক মাইলস ব্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে তিনি দেশ-বিদেশে ব্যান্ড সংগীতকে জনপ্রিয় করে তোলেন। ১৯৯১ সালে প্রকাশিত বাংলা অ্যালবাম ‘প্রতিশ্রুতি’ এবং এর ‘চাঁদ-তারা’ গানটি ব্যাপক সাড়া ফেলে। পরবর্তীতে ‘দরদিয়া’, ‘জাদু’, ‘পাহাড়ি মেয়ে’, ‘ফিরিয়ে দাও’সহ অসংখ্য গান শ্রোতাদের হৃদয়ে জায়গা করে নেয়।
ব্যান্ড সংগীতের এই কিংবদন্তিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সকালে দুটি ছবি পোস্ট করেন বড় ভাই হামিন আহমেদ। এরপর ক্যাপশনে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন, মুনা, যেখানেই থাকো, দিনটি হোক আনন্দময় ও বিশেষ। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) তোমার আত্মাকে শান্তি দান করুন। অনেক ভালোবাসা।’
এরপর শাফিন আহমেদের সাবেক ব্যান্ড মাইলসের পক্ষ থেকে তাকে স্মরণ করে একটি পোস্ট করা হয়। কয়েকটি ছবি শেয়ার করে ক্যাপশনে লেখা হয়, ‘শুভ জন্মদিন শাফিন, তুমি আজ যেখানেই থাকো, হৃদয়ের গভীর থেকে তোমার জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ (সুবহানাহু ওয়া তায়ালা) তোমাকে শান্তি ও জান্নাতুল ফিরদৌস নসীব করুন।’ ২০২৪ সালের ২৪ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়াতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর।
মন্তব্য করুন








