গত বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে শেষ হয় পাকিস্তানের জনপ্রিয় টিভি সিরিজ ‘মিম সে মহব্বত’-এর প্রথম সিজন। সবাই এখন অপেক্ষায় কবে আসবে সিরিজটির দ্বিতীয় সিজন? নাকি, এখানেই পরিসমাপ্তি ঘটবে সাড়া জাগানো সিরিজটির। সাম্প্রতিক সময়ে সিরিজটির ভবিষ্যৎ নিয়ে দোটানায় ভক্তরা।
আবেগঘন গল্পের গাঁথুনির পাশাপাশি দুর্দান্ত অভিনয়ের জন্য সব শ্রেণির দর্শকের কাছে সিরিজটি হয়ে ওঠে অনন্য। আহাদ রাজা মীর ও দানীর মবীন অভিনীত ‘মিম সে মহব্বত’ নিয়ে দর্শকের চাহিদা পৌঁছে যায় তুঙ্গে। এ সিরিজটি প্রেম, স্থিতিস্থাপকতা এবং মানবিক সংযোগের মধ্যে পাওয়া শক্তির একটি প্রাণবন্ত প্রতিকৃতি চিত্রিত করে।
এ দেশের দর্শকরাও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে সিরিজটি উপভোগ করেন। ‘দ্য ইকোনমিক টাইমস’ সূত্রে জানা যায়, ইউটিউবে সিরিজটির ভিউ এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। এতেই বোঝা যায়, কতটা জনপ্রিয় ছিল দর্শকের কাছে। এমনকি সিরিজটির প্রথম সিজনের সমাপনী অনুষ্ঠানও সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং অব্যাহত রেখেছে। সামাজিক মাধ্যমগুলোয় পরের সিজন দ্রুত ফেরানোর জন্য ভক্তরা অনুরোধের ঝড় তুলছেন। সরাসরি আবেগপূর্ণ ভালোবাসা প্রকাশ করে তারা অনুরোধ করছেন যেন সিরিজটি একেবারে শেষ করে না দেওয়া হয়।
দানীর ও আহাদের দুর্দান্ত রসায়ন দ্বিতীয় সিজনেও দেখার অপ্রতিরোধ্য চাহিদা ভক্তদের। অবশ্য চাহিদা থাকা সত্ত্বেও পরিচালক আলী হাসান নিশ্চিত করেছেন যে, গল্পটি আর বাড়ানো হবে না। ফারহাত ইশতিয়াক রচিত এবং মোমিনা দুরাইদ প্রযোজিত এ সিরিজটিটি মূলত পরিকল্পনা অনুসারেই শেষ হয়েছিল, কোনো ধারাবাহিকতা ছাড়াই। ফরিদুন শাহরিয়ার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে স্পষ্ট করেছেন যে, নাটকটি ঠিক যেমনটি আশা করা হয়েছিল তেমনই শেষ হয়েছে। গল্পটি তার স্বাভাবিক পরিণতি পেয়েছে এবং এর বিকাশের প্রয়োজন নেই।
‘মিম সে মহব্বত’ হলো এক অপ্রত্যাশিত সাক্ষাতের গল্প। যেখানে জীবনের প্রতিটি পদক্ষেপ তাদের সীমানা পরীক্ষা করে। রয়েছে প্রেমের এক নীরব আকুতি, যা সব যুক্তি ও পরিস্থিতিকে দূরে সরিয়ে রাখে। দানীর মবীনের সেই চাহনি আর আহাদ রাজা মীরের আবেগি অভিনয়ে এখনো দর্শকরা বুঁদ হয়ে আছেন। শেষ পর্বে দানীর ও আহাদের আবেগঘন মিলন দর্শকদের মনে অনুরণিত হয়। হৃদয়গ্রাহী এক পরিণতিতে শেষ হয় প্রথম সিজন। প্রথমবারের মতো পর্দা শেয়ার করা দানীর ও আহাদের অনন্য জুটি ব্যাপক প্রশংসিত হয়। তাদের রসায়ন দেখতে উন্মুখ হয়ে যান দর্শক।
যদি সংশ্লিষ্টদের কথা সত্যি হয়ে ‘মিম সে মহব্বতে’র দ্বিতীয় সিজন আর না আসে, তবে দর্শকরা সেই পারিবারিক থিম, আবেগভরা রোমান্স, দুর্দান্ত অভিনয়ে ভরা মাস্টারপিস একটি সিরিজ উপভোগ থেকে বঞ্চিত হবেন।
মন্তব্য করুন








