প্রাইম ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে তাদের আসন্ন মনস্তাত্ত্বিক ক্রাইম থ্রিলার ‘দলদল’-এর ট্রেলার। যা প্রকাশের পরপরই সিরিজটি দর্শক ও সমালোচকদের নজন কেড়েছে, বিশেষ করে মুম্বাই পুলিশের ডেপুটি কমিশনার রীতা ফেরেইরা চরিত্রে ভূমি পেডনেকরের অভিনয় ঘিরে। বরাবরই সাহসী ও ব্যতিক্রমী চরিত্র বেছে নেওয়ার জন্য পরিচিত ভূমি, এই সিরিজে প্রথমবারের মতো একজন পুলিশ অফিসারের ভূমিকায় অভিনয় করেছেন।
চরিত্রটি নিয়ে ভূমি জানান, এই চরিত্রটি তার কাছে শুধুমাত্র অভিনয়ের অভিজ্ঞতা নয়, বরং ব্যক্তিগত আবেগের সঙ্গেও জড়িত। মুম্বাইয়ে বড় হওয়ার সুবাদে শহরের রাস্তায় প্রতিদিন কর্তব্যরত পুলিশদের তিনি খুব কাছ থেকে দেখেছেন, যা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে।
চরিত্রটি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে ভূমি বলেন, মুম্বাই পুলিশের সাহস, শৃঙ্খলা আর দায়িত্ববোধ এই শহরের আত্মার অংশ। একজন মুম্বাই পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি বুঝেছি, প্রতিদিন তারা কতটা ভারী দায়িত্ব বহন করেন, প্রায়ই নীরবে এবং স্বীকৃতি ছাড়াই। সেই ইউনিফর্ম পরা মানেই ছিল এক বিশাল সম্মানের অনুভূতি।
ভারতীয় লেখক ভিশ ধামিজার জনপ্রিয় উপন্যাস ‘ভেন্ডি বাজার’ অবলম্বনে নির্মিত এই সিরিজটি পরিচালনা করেছেন অমৃত রাজ গুপ্ত। প্রযোজনায় রয়েছেন বিক্রম মালহোত্রা ও সুরেশ ত্রিবেণী। ভূমি পেডনেকরের পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সামারা তিজোরি ও আদিত্য রাওয়াল। ‘দলদল’ সিরিজটি আগামী ৩০ জানুয়ারি প্রাইম ভিডিওতে ভারতসহ বিশ্বের ২৪০টি দেশে একযোগে প্রকাশ পাবে।
সূত্র: বলিউড হাঙ্গামা
মন্তব্য করুন








