গেল কয়েক দিন ধরেই আলোচনায় ভারতীয় অভিনেত্রী মৌনি রায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে ভয়াবহ হয়রানির শিকার হন তিনি। হরিয়ানার করনালে একটি পারিবারিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হন, যা তাকে গভীরভাবে মানসিকভাবে আঘাত করেছে।
এরপর ঘটনার বিস্তারিত তুলে ধরে ইনস্টাগ্রাম স্টোরিতে নিজের ক্ষোভ ও যন্ত্রণার কথা প্রকাশ করেন অভিনেত্রী।
মৌনি জানান, অনুষ্ঠানের মঞ্চের দিকে যাওয়ার সময়ই পরিস্থিতি অস্বাভাবিক হয়ে ওঠে। কয়েকজন বয়স্ক পুরুষ এবং তাদের পরিবারের সদস্যরা ছবি তোলার অজুহাতে তার কোমরে হাত দেন। তিনি স্পষ্টভাবে আপত্তি জানালে, উল্টো তারা ক্ষুব্ধ হন।
পরিস্থিতি আরও ভয়াবহ হয় মঞ্চে ওঠার পর। মৌনি তার স্টোরিতে লেখেন, দুইজন বয়স্ক ব্যক্তি ঠিক সামনে দাঁড়িয়ে অশালীন মন্তব্য করছিলেন, কুৎসিত হাতের ইশারা দিচ্ছিলেন এবং নাম ধরে গালিগালাজ করছিলেন। প্রথমে তিনি শান্তভাবে তাদের থামানোর চেষ্টা করেন। কিন্তু তাতেও কাজ না হওয়ায় তারা তার দিকে গোলাপ ফুল ছুড়তে শুরু করেন।
অভিনেত্রী আরও জানান, মঞ্চটি উঁচু হওয়ায় ওই ব্যক্তিরা নিচ থেকে আপত্তিকর অ্যাঙ্গেলে ভিডিও করছিলেন। কেউ বাধা দিতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার ও গালিগালাজ করা হয়। সবচেয়ে দুঃখজনক বিষয় হিসেবে মৌনি উল্লেখ করেন, উপস্থিত পরিবারের সদস্যরা কেউই এই আচরণের প্রতিবাদ করেননি।
ইনস্টাগ্রামে দেওয়া দীর্ঘ নোটে মৌনি রায় আরও লেখেন, একজন প্রতিষ্ঠিত ও পরিচিত অভিনেত্রী হওয়া সত্ত্বেও যদি তাকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তবে ইন্ডাস্ট্রিতে নতুন শিল্পীরা কী ধরনের অভিজ্ঞতার শিকার হন, তা সহজেই অনুমেয়।
তিনি বলেন, আমি অপমানিত, মানসিকভাবে বিপর্যস্ত এবং চাই কর্তৃপক্ষ এই অসহনীয় আচরণের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিক। তার মতে, শিল্পীরা কেবল তাদের কাজের মাধ্যমে সৎভাবে জীবিকা নির্বাহ করতে চান।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর মৌনির পাশে দাঁড়িয়েছেন অসংখ্য অনুরাগী ও সহকর্মী। অনেকেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তুলেছেন।
মন্তব্য করুন








