আজকের ব্যস্ত জীবনযাপনে আমরা প্রায় সবাই খুঁজে বেড়াই এমন খাবার যা সুস্বাদু, হালকা এবং হেলদি। ক্ষুধা লাগার সময় কিছু না খেয়ে থাকা অনেকের জন্য কঠিন, আবার যদি হাতের কাছে হেলদি নাশতা থাকে, তা খাওয়ার সময় খারাপও কম লাগে।
এই জায়গাতেই পপকর্ন হতে পারে এক চমৎকার সমাধান। পপকর্ন শুধু একটি ফাস্ট-ফুড নাশতা নয়। এটি হতে পারে হেলদি, কম ক্যালরির স্ন্যাক, যা আপনার পেট ভরিয়ে দেয় এবং বারবার খাওয়ার প্রবণতাও কমায়। বাজারে নানা ধরনের পপকর্ন পাওয়া যায়। কিছুতে অতিরিক্ত চিনি, বাটার, চিজ বা অন্যান্য ফ্লেভার থাকে, যা ওজন কমানোর চেষ্টা নষ্ট করতে পারে। তাই সঠিক পপকর্ন বেছে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ।
চলুন আজ ইটিং ওয়েল’এর প্রতিবেদনের তথ্য অনুযায়ী জেনে নিই, কেন পপকর্ন ওজন কমাতে সাহায্য করতে পারে, কোন ধরনের পপকর্ন নিরাপদ, কোনগুলো এড়িয়ে চলবেন এবং কীভাবে সঠিকভাবে খেলে এটি আপনার হেলদি লাইফস্টাইলের অংশ হতে পারে।
কম ক্যালরি, পেট ভরানো সহজ : হট এয়ারে বানানো সাধারণ ক্ল্যাসিক পপকর্নে প্রতি কাপ মাত্র ৩০-৩৫ ক্যালরি থাকে। তাই পেট ভরে খাওয়া গেলেও অতিরিক্ত ক্যালরি হয় না।
ফাইবারে ভরপুর : পপকর্নে থাকা ফাইবার হজমে সাহায্য করে এবং ক্ষুধা কমায়। এতে বারবার খাওয়ার প্রবণতা কমে।
ভিটামিন ও অ্যান্টিঅক্সিডেন্ট : ভুট্টার দানা থেকে তৈরি হওয়ায় পপকর্নে থাকে কিছু ভিটামিন, মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং হার্টের জন্য ভালো।
সব পপকর্ন ওজন কমানোর জন্য উপযুক্ত নয়। বাজারে পাওয়া অনেক পপকর্নে অতিরিক্ত লবণ, বাটার, চিজ, ক্যারামেল বা চকলেট থাকে। এগুলো ক্যালরি অনেক বাড়িয়ে দেয় এবং ওজন বাড়াতে পারে। এগুলো এড়িয়ে চলুন:
- বাটার বা চিজ ফ্লেভার
- মিষ্টি বা ক্যারামেল পপকর্ন
- চকলেট বা বারবিকিউ ফ্লেভার
- অতিরিক্ত লবণ দেওয়া প্যাকেটজাত পপকর্ন
সবচেয়ে ভালো হলো হট এয়ারে বানানো ক্ল্যাসিক বা হোমমেড পপকর্ন। কোনো তেল বা মাখন ছাড়া বানানো পপকর্নই ওজন কমানোর জন্য নিরাপদ।
- স্বাদ বাড়াতে সামান্য লবণ, গোলমরিচ বা স্বাস্থ্যকর হার্ব ব্যবহার করতে পারেন।
- দিনে ২-৩ কাপ পর্যন্ত খাওয়া নিরাপদ।
যদি গ্যাস্ট্রিক, পেট ফাঁপা বা আইবিএস থাকে, ফাইবার বেশি হওয়ায় সমস্যা বাড়তে পারে। সাবধান থাকুন। পপকর্ন সঠিকভাবে খেলে ওজন কমাতে সহায়তা করতে পারে। তাই বাজারে যে কোনো পপকর্ন কিনে খেলেই হবে না, স্মার্ট চয়েস করুন। স্মার্ট নাশতা হিসেবে ক্ল্যাসিক বা হোমমেড লো-ক্যালরি পপকর্ন বেছে নিন এবং স্বাস্থ্যকরভাবে উপভোগ করুন।
মন্তব্য করুন








