আর কোনো অপশক্তি যাতে ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে এ জন্য ইনশাআল্লাহ আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিজয়ের পর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে বিকেল সাড়ে ৩টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
তারেক রহমান বলেন, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জমিয়তে উলামায়ে ইসলাম, গণঅধিকার পরিষদসহ ৫১ দল নির্বাচনে অংশগ্রহণ করেছে। প্রতিটি রাজনৈতিক দলকে অভিনন্দন জানাই। সরকার এবং বিরোধী দল যে যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করলে অবশ্যই দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ লাভ করবে।
নির্বাচনে অংশগ্রহণকারী ও প্রতিটি রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দেশ গঠনে আপনাদের চিন্তাভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমাদের পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু দেশের স্বার্থে সবাই এক। আমি বিশ্বাস করি জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, ডা. এজেডম জাহিদ হোসেন।
বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ড. মওদুদ আহমেদ পাভেলের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, জয়নুল আবেদিন, শামসুজ্জামান দুদু, চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসমাঈল জবিউল্লাহ, আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রমুখ।
এছাড়াও সারা দেশ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য, বিভিন্ন গণমাধ্যম সম্পাদক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ হয়। গতকাল ২৯৭ আসনের ফলাফল ঘোষণা করে ইসি। এর মধ্যে বিএনপি ২০৯টিতে জয় পেয়েছে। ফল ঘোষণা স্থগিত থাকা দুটি আসনেও বিএনপির প্রার্থীরা এগিয়ে আছেন। তাদের শরিকেরা পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্য শরিকেরা পেয়েছে ৯টি আসন। একটি আসনে জয় পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সাতটি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জিতেছেন।
মন্তব্য করুন








