ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাত জেলায় নির্বাচনি সমাবেশে অংশ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমাবেশে ধানের শীষের ভোট দিয়ে বিএনপিকে জয়ী করতে ভোটারদের অনুরোধ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার নির্বাচনি প্রচারের প্রথম দিন সিলেট থেকে সমাবেশ শুরু করেন তারেক রহমান। ওই দিন দুপুর ১২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে বক্তব্য দেন তিনি। সর্বশেষ নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য দিয়ে রাত ৪টার কিছু পর তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
নির্বাচনি প্রচারের প্রথম দিন আয়োজিত এসব সমাবেশে সারা দেশে খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বেকারদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দেন তারেক রহমান।
বিকাল ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি।
রাত ৩টায় নরসিংদীর পৌর পার্কসংলগ্ন মাঠে পৌঁছান তারেক রহমান। সেখান থেকে ভোররাত ৪টা ১৬ মিনিটের দিকে নারায়ণগঞ্জের একটি মাঠে প্রথম দিনের শেষ নির্বাচনি সমাবেশে বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান। এরপর সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
শেষ কয়েকটি নির্বাচনী সমাবেশে ভোররাত পর্যন্ত নেতাকর্মীদের অপেক্ষা করিয়ে রাখার জন্য দুঃখ প্রকাশ করতেও দেখা যায় তারেক রহমানকে।
বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান ভোররাত সোয়া ৪টার দিকে জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষে বাসায় ফিরেছেন তারেক রহমান।
মন্তব্য করুন








