কর্মজীবী নারীরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারেন, সরকার গঠন করতে পারলে তাদের জন্য সান্ধ্য বাস চালুর আশ্বাস দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ীতে জামায়াতের নির্বাচনি জনসভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
বর্তমানে নারীদের জন্য দুটি জিনিস নেই মন্তব্য করে তিনি বলেন, একটি হচ্ছে তাদের নিরাপত্তা, আরেকটি হচ্ছে তাদের সম্মান বা মর্যাদা। আমরা কথা দিচ্ছি ঘরে, চলাচলে, কর্মস্থলে—তিন জায়গায় আপনাদের জন্য ইনশাআল্লাহ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরাপত্তা নিশ্চিত করব এবং মর্যাদা আপনাদের হাতে তুলে দেব।
নারীদের নিরাপত্তা নিয়ে তিনি বলেন, কোনো জালিম নারীদের ইভটিজিং করার দুঃসাহস দেখাবে না। কর্মক্ষেত্রে কোনোভাবেই আপনাদের আর হেনস্তার শিকার হতে হবে না। মর্যাদা ও নিরাপত্তার সঙ্গে নারীরা চলাচল করবেন। চলাচলের সময় বিশেষ করে পিক আওয়ারে রাজধানীসহ বড় শহরগুলোতে আমরা শুধু নারীদের জন্য ইভিনিং বাস সার্ভিস চালু করব ইনশাআল্লাহ।
নারীদের উপেক্ষা করে দেশ গড়া সম্ভব নয় উল্লেখ করে জামায়াত আমির বলেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে জামায়াত নারীদের সম্পৃক্ত করবে। জামায়াত সরকার গঠন করলে নারীদের নিরাপদ কর্মসংস্থান গড়ে তুলব। ঘরে-বাইরে নারীদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকারি যেসব ডাবল ডেকার বাস আছে, এক তলা অর্থাৎ নিচ তলা, নারীদের ওপরে উঠতে গিয়ে কষ্ট হতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। নিচ তলাটা তাদের জন্য সংরক্ষণ করা হবে ইনশাআল্লাহ।
শফিকুর রহমান বলেন, একটা পরিবার যেমন নারী-পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে। তেমনি একটা দেশ এবং সমাজও নারী-পুরুষের সমন্বয়ে গড়ে ওঠে। এই এক অংশকে উপেক্ষা করে আরেক অংশকে নিয়ে দেশকে সমৃদ্ধশালী করা সম্ভব নয়।
চাঁদাবাজি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, চাঁদাবাজি ভিক্ষার চেয়ে নিকৃষ্ট। জামায়াত চাঁদাবাজি করবে না, কাউকে করতেও দেবে না।
এ সময় তিনি অভিযোগ করে বলেন, কেউ কেউ হেরে যাওয়ার ভয়ে বাঁকা পথে পা বাড়ানোর চেষ্টা করছে। হুঁশিয়ারি দিয়ে জামায়াত আমির বলেন, ভোট ইঞ্জিনিয়ারিং করতে এলে আগুন জ্বলবে।
শফিকুর রহমান বলেন, কারিগরের হাত কারও দয়ার দিকে তাকিয়ে থাকে না। কারিগরের হাত নিজেই কিছু করে দেশকে উপহার দেয়। আমরা আমাদের যুবক-যুবতীদের সেই সম্মানের জায়গায় মর্যাদার জায়গায় নিতে চাই। বেকার ভাতা দিয়ে বেকার বানাব না, বরং বেকারকে কেমনে কর্মোপযোগী করা যায়, সেই চেষ্টা করব ইনশাআল্লাহ।
মন্তব্য করুন








