নেটফ্লিক্স আজও অনেক দর্শকের কাছে বিশেষ জায়গা দখল করে রেখেছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে মাসিক খরচ বেড়েছে, পাসওয়ার্ড শেয়ার করা কঠিন হয়েছে, এমনকি কম দামের প্যাকেজে বিজ্ঞাপনও যুক্ত হয়েছে।
তবুও একটু স্বস্তির খবর আছে। নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের সঙ্গে এমন একটি ফ্রি সুবিধা আছে, যা অনেক গ্রাহকই জানেন না। এর জন্য আলাদা কোনো খরচ করতে হয় না, কিন্তু এটি আপনার বিনোদন ও বিনিয়োগ উভয়কেই সাশ্রয়ী করতে পারে।
নেটফ্লিক্সের সাবস্ক্রিপশনের সঙ্গে থাকা ফ্রি সুবিধা কী
অত্যন্ত অবাক হলেও সত্য, নেটফ্লিক্সের সাবস্ক্রাইবাররা মোবাইল গেম খেলতে পারেন। এটি কোনো ট্রায়াল বা ডেমো নয়। সব গেমই সম্পূর্ণ ফ্রি, এবং অনেক গেমের জন্য সাধারণভাবে অন্য প্ল্যাটফর্মে টাকা দিতে হয়।
সবচেয়ে বড় কথা, এই গেমগুলোতে কোনো বিজ্ঞাপন নেই এবং ইন-অ্যাপ কেনাকাটা নেই। কিছু গেম এমনভাবে তৈরি করা হয়েছে, যা ইন্টারনেট ছাড়া খেলাও যায়। ফলে ভ্রমণ বা নেট না থাকা অবস্থায় খুবই সুবিধাজনক।
তবে আশ্চর্যের বিষয় হলো, নেটফ্লিক্স এই সুবিধার ব্যাপারে খুব বেশি প্রচার করে না। অ্যাপের মধ্যে গেমগুলো লুকানো থাকে, আলাদা কোনো গেমিং অ্যাপ নেই। তাই অনেক সাবস্ক্রাইবার এ সম্পর্কে জানতেই পারেন না।
এই সুবিধা নতুন না। নেটফ্লিক্স ২০২১ সালে গেমিং সেবা চালু করে। শুরুতে গেমের সংখ্যা কম এবং তুলনামূলকভাবে সাধারণ ছিল। সম্প্রতি নেটফ্লিক্স তাদের গেম লাইব্রেরি আপডেট করেছে। এখন এখানে কিছু জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির গেম এবং পরিচিত গেম স্টুডিওর তৈরি শিরোনাম রয়েছে।
নেটফ্লিক্সে কী ধরনের গেম আছে
বর্তমানে নেটফ্লিক্সে ১২০-এর বেশি মোবাইল গেম পাওয়া যায়। এটি পিসি বা কনসোল গেমিংয়ের বিকল্প নয়, তবে ফ্রি বোনাস হিসেবে বেশ আকর্ষণীয়।
কিছু জনপ্রিয় গেমের উদাহরণ- রেড ডেড রিডেম্পশন, সিভিলাইজেশন সিক্স, স্ট্রিট ফাইটার ফোর, মনুমেন্ট ভ্যালি ও মনুমেন্ট ভ্যালি টু, ডেড সেলস, ফুটবল ম্যানেজার (মোবাইল সংস্করণ), ফার্মিং সিমুলেটর, স্পিরিটফেয়ারার ও অক্সেনফ্রি সিরিজ।
অন্যান্য প্ল্যাটফর্মে এই গেমগুলো কিনতে গেলে অনেক খরচ হতে পারে।
সুবিধা
যেহেতু সব সাবস্ক্রিপশনের সঙ্গে এই সুবিধা ফ্রি, তাই এটি বেশ লাভজনক। অনেক গেমের দাম সাধারণত কয়েক ডলার থেকে শুরু হয়। কিছু গেম কিনলেই যা খরচ হতো, তা এখানে বিনা খরচে পাওয়া যাচ্ছে।
বিজ্ঞাপন বা ইন-অ্যাপ কেনাকাটার ঝামেলা না থাকার কারণে অভিজ্ঞতাও অনেক আরামদায়ক।
সীমাবদ্ধতা কী
পুরোপুরি সমস্যা নেই বলা যাবে না। কিছু সীমাবদ্ধতা আছে। সব গেম স্থায়ী নয়। কিছু জনপ্রিয় গেম পরে সরিয়ে দেওয়া হয়। এটি মূলত মোবাইল গেম। টিভি বা কম্পিউটারে খেলতে হলে মোবাইল ফোনকে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করতে হয়। পূর্ণ কনসোল অভিজ্ঞতা চাইলে এটি কিছুটা সীমিত মনে হতে পারে।
যেভাবে গেম খেলবেন
মোবাইল বা ট্যাবলেটে নেটফ্লিক্স অ্যাপ খুলে গেমস বা মোবাইল গেমস বিভাগে যেতে হবে। পছন্দের গেম ডাউনলোড করে খেলতে শুরু করা যায়।
টিভি বা কম্পিউটারে গেম খেলতে চাইলে স্ক্রিনে একটি কিউআর কোড দেখাবে। সেটি মোবাইল দিয়ে স্ক্যান করে ফোনকে কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা যায়।
নেটফ্লিক্স এখন শুধু সিনেমা ও সিরিজ দেখার প্ল্যাটফর্ম নয়। সাবস্ক্রিপশনের সঙ্গে থাকা ফ্রি গেমিং সুবিধা অনেকের অজানা হলেও এটি বাড়তি বিনোদনের সুযোগ দেয়।
বাড়তি খরচ ছাড়াই জনপ্রিয় গেম খেলার এই সুবিধা নিঃসন্দেহে নেটফ্লিক্স ব্যবহারকারীদের জন্য একটি বড় আকর্ষণ। যারা ইতোমধ্যে সাবস্ক্রাইবার, তারা চাইলে আজই এই সুবিধা ব্যবহার করতে পারেন।
সূত্র : রিডার্স ডাইজেস্ট
মন্তব্য করুন





