মেলবোর্নে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান কমিউনিটি সেন্টারে রাখা মহাত্মা গান্ধীর ব্রোঞ্জ মূর্তিটি চুরি হয়ে গেছে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে ভারত। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের কাছে বিষয়টি উত্থাপন করেছে এবং দোষীদের আটকে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। খবর এনডিটিভির।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘মেলবোর্নের রোভিলায় অবস্থিত গান্ধীর মূর্তিটি ভাঙচুর ও চুরির ঘটনায় আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষকে জোরালভাবে বলেছি, নিখোঁজ মূর্তিটি উদ্ধারের ব্যবস্থা করতে হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনতে হবে।’
চুরি হওয়া মূর্তিটি নয়াদিল্লির ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) থেকে উপহার হিসেবে পাঠানো হয়েছিল। এটি অস্ট্রেলিয়ার ভারতীয় সম্প্রদায়ের জন্য সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং প্রতীকী গুরুত্ব বহন করত।
পুলিশ জানিয়েছে, সোমবার রাত প্রায় ১২টা ৫০ মিনিটে তিনজন অজ্ঞাত ব্যক্তি মূর্তিটি ভিত্তি থেকে কেটে নেওয়ার জন্য অ্যাঙ্গেল গ্রাইন্ডার ব্যবহার করে। মূর্তিটির ওজন ছিল ৪২৬ কেজি। ভিক্টোরিয়ার নক্স ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট ঘটনার তদন্ত করছে।
পুলিশ সতর্ক করেছে, কেউ যদি স্ক্র্যাপ মেটাল বিক্রির উদ্দেশ্যে মূর্তিটি ব্যবহার করতে চায়, তা নিয়মিত নজরদারিতে রাখতে হবে এবং কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখা গেলে অবিলম্বে রিপোর্ট করতে হবে।
এই ঘটনা নতুন নয়, ২০২১ সালের নভেম্বরে উদ্বোধনের মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অজ্ঞাত ব্যক্তি গান্ধীর মূর্তিটি ভাঙচুর করেছিল। অনেকেই বলছেন, অস্ট্রেলিয়ায় ভারতবিরোধী মনোভাবের বৃদ্ধির মধ্যে এই ধরনের ঘটনা ঘটছে। বিশেষ করে খালিস্তান-সম্পর্কিত কট্টরপন্থিরা পূর্বেও ভারতীয় কূটনৈতিক মিশন এবং উপাসনালয়সহ সম্প্রদায়ের স্থানগুলোকে লক্ষ্যবস্তু করেছে।
মন্তব্য করুন








