আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি ও জেএসডি দুই প্রার্থীর নিরাপত্তা চেয়ে করা আবেদন আমলে নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
চিঠি থেকে জানা যায়, পিরোজপুর-৩ আসনের বিএনপির প্রার্থী মো. রুহুল আমীন দুলাল এবং ঢাকা-১০ আসনের জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) প্রার্থী সৈয়দ বেলায়েত হোসেন বেলাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রধান নির্বাচন কমিশনার বরাবর আবেদন করেছেন। বর্ণিতাবস্থায়, দাখিলকৃত আবেদনের বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এদিকে, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আজ থেকে গণসংযোগ, সভা-সমাবেশ ও পথসভার মাধ্যমে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা।
সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বিএনপি। এই সমাবেশসহ প্রথম দিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে রাজধানীর মিরপুরে আদর্শ স্কুল মাঠে জামায়াতের নির্বাচনি জনসভা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে প্রচার শুরু করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
উল্লেখ্য, নির্বাচনি প্রচার-প্রচারণায় বেশকিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থী বা দল এসব নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই দেওয়া হতে পারে। দলের ক্ষেত্রেও এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি তদন্তে প্রমাণিত হলে প্রার্থিতাও বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে।
মন্তব্য করুন








