আসন্ন জাতীয় নির্বাচনের প্রচারণা চালাতে দুই দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে উত্তরাঞ্চল সফরের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন তিনি।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সফরের প্রথম দিনে শুক্রবার (২৩ জানুয়ারি) বেলা ১১টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াত আমির।
এ ছাড়া পরদিন শনিবার সকালে রংপুরে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তার কবর জিয়ারত করবেন জামায়াত আমির। এরপর সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে, দুপুর ১২টায় বগুড়ায়, বিকেল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভায় বক্তব্য দিয়ে ঢাকায় ফিরবেন।
উত্তরাঞ্চলের দুই দিনের নির্বাচনি প্রচারণা শেষে ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব কর্মসূচি শেষে পরবর্তীতে কর্মসূচির বিষয়ে স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে।
মন্তব্য করুন








