চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে এক অভিযানে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন র্যাবের সদস্যরা। এই ঘটনায় এক র্যাব সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে র্যাবের আরও তিন সদস্যকে জিম্মি করে রাখা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। তাদের উদ্ধারে র্যাবের অতিরিক্ত ফোর্স ঘটনাস্থলে অভিযান পরিচালনা করছে।
জানা গেছে, জিম্মি সদস্যদের উদ্ধারে র্যাবের অতিরিক্ত ফোর্স, সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। আহত র্যাব সদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম র্যাবের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সোমবার বিকেলে পতেঙ্গা ব্যাটালিয়নের একটি দল জঙ্গল সলিমপুরে অভিযানে গেলে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। অতর্কিত হামলায় এক র্যাব সদস্য গুরুতর আহত হন। এছাড়া দুর্বৃত্তরা র্যাবের তিন সদস্যকে জিম্মি করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও আটকেপড়া সদস্যদের উদ্ধারে ঘটনাস্থলে অতিরিক্ত ফোর্স পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, হামলার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি। যৌথভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে।
মন্তব্য করুন








