মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠ তখন জনসমুদ্রে পরিণত। কানায় কানায় পূর্ণ মাঠে তিল ধারণের ঠাঁই নেই। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি জনসভায় বক্তব্য দিচ্ছিলেন। বক্তব্যের একপর্যায়ে মঞ্চে ডেকে নিলেন উপস্থিত জনতার মধ্য থেকে এক বৃদ্ধকে। শুধু তাই নয়, নিজের চেয়ারে বসিয়ে সেই বৃদ্ধকে অনন্য সম্মান জানালেন তিনি।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে মৌলভীবাজারের শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এক জনসভায় এই অভূতপূর্ব দৃশ্য দেখা যায়। ওই বৃদ্ধের নাম শফিকুর রহমান।
বক্তব্য চলাকালীন তারেক রহমান উপস্থিত জনতার কাছে জানতে চান, কারা সম্প্রতি পবিত্র ওমরাহ পালন করে এসেছেন। এ সময় অনেকে হাত তুললে তার নজর পড়ে বৃদ্ধ শফিকুর রহমানের ওপর। তাকে মঞ্চে আসার অনুরোধ জানান তারেক রহমান।
মঞ্চে আসার পর শফিকুর রহমানের সঙ্গে করমর্দন করেন তিনি। এরপর তাকে বেশকিছু প্রশ্ন করেন। তারেক রহমান জানতে চান, তিনি ওমরাহ করেছেন কি না, কাবার মালিক কে কিংবা বেহেশত-দোজখের মালিক কে? বৃদ্ধ শফিকুর রহমান শান্তভাবে সব প্রশ্নের উত্তর দেন। উত্তর শুনে সন্তুষ্ট হয়ে তারেক রহমান তাকে জড়িয়ে ধরেন এবং পাশে থাকা নিজের নির্ধারিত চেয়ারটিতে সসম্মানে বসিয়ে দেন।
জনসভায় একটি বিশেষ রাজনৈতিক দলের নাম উল্লেখ না করে তাদের কঠোর সমালোচনা করেন তারেক রহমান। তিনি বলেন, বর্তমানে দেশে একটি রাজনৈতিক দল আছে, যারা সাধারণ ও ধর্মপ্রাণ মানুষের সরলতাকে পুঁজি করে ‘বেহেশতের টিকিট’ বিক্রি করছে। অথচ বেহেশত দেওয়ার ক্ষমতা কোনো মানুষের নেই। যারা এই দাবি করছে, তারা মূলত ‘শিরক’ করছে।
নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই যারা ভোটের বিনিময়ে মানুষকে বেহেশতে নেওয়ার মতো প্রতারণা করতে পারে, ক্ষমতায় গেলে তারা সাধারণ মানুষের সঙ্গে কী আচরণ করবে, তা সহজেই অনুমান করা যায়।
তারেক রহমানের এই বক্তব্যের সময় উপস্থিত নেতাকর্মীরা হাততালি ও স্লোগানে মাঠ মুখর করে তোলেন।
মন্তব্য করুন








