বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিতে শহীদ জুলাই যোদ্ধা রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে বগুড়া-৬ (সদর) আসনে প্রচারণরা শুরু করলেন জামায়াত মনোনীত প্রার্থী আবিদুর রহমান সোহেল।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ৮টার দিকে শহরের নামাজগড় গোরস্তানে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ রাতুলের কবর জিয়ারত করেন জামায়াত প্রার্থী।
এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, সহকারী সেক্রেটারি অধ্যাপক রফিকুল আলম, শহীদ রাতুলের বাবা জিয়াউর রহমানসহ জামায়াতের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
জামায়াতের প্রার্থী আবিদুর রহমান সোহেল বলেন, জুলাইয়ের আন্দোলনে অসংখ্য প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। তাই জুলাই আন্দোলনের শহীদ রাতুলের কবর জিয়ারতের মাধ্যমে আমরা নির্বাচনি প্রচারণা শুরু করলাম। দেশের মানুষ জুলাই আন্দোলনে জামায়াত-শিবিরের সাহসী ভূমিকার মূল্যায়ন করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার সুযোগ দিবে।
এ সময় তিনি দল-মত নির্বিশেষে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, জেলায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোট দিবেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ এবং তৃতীয় লিঙ্গের ১০ জন ভোটার রয়েছেন।
মন্তব্য করুন








