ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে ধানের শীষের প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার (২১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান এ প্রতীক হস্তান্তর করেন।
এ সময় তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
এর আগে সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে বগুড়ার ৭টি আসনে প্রতীক বরাদ্দের অনুষ্ঠান আয়োজন করা হয়। বগুড়া-৬ আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ নিয়েছেন।
বাকি প্রার্থীদের মধ্যে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন দাঁড়িপাল্লা প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশিদ হাতপাখা, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) আব্দুল্লাহ আল ওয়াকি তারা প্রতীক এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) মনোনীত প্রার্থী দিলরুবা নূরী মই প্রতীক বরাদ্দ পান।
জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, বগুড়ায় ৩ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। তাদের বাদ দিয়ে আজ বগুড়ার ৭টি আসনে মোট ৩৪ জন বৈধ প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, এই তিন প্রার্থী হলেন— বগুড়া-১ আসনের শাহজাদী আলম লিপি, বগুড়া-৩ আসনের তৌহিদুল আলম, বগুড়া-৪ আসনের কামরুল হাসান মো. শাহেদ ফেরদৌস।
সংশ্লিষ্ট দপ্তর সূত্র আরও জানায়, জেলায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোট দেবেন ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ এবং হিজড়া ১০ জন ভোটার রয়েছেন।
মন্তব্য করুন








