চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে নির্বাচনি প্রচারণার প্রথম দিনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. নুরুল ইসলাম বুলবুলের দাঁড়িপাল্লা প্রতীকের ব্যানার-ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়ন ও পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় এসব ঘটনা ঘটে।
এ ঘটনায় রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করা হবে বলে জানিয়েছেন জামায়াতের প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, ‘সকালে আমার নির্বাচনি বিভিন্ন এলাকায় ফেস্টুন পোড়ানো ও ছিঁড়ে ফেলা দেখতে পেয়েছে কর্মী-সমর্থকরা। ধারণা করা হচ্ছে রাতের অন্ধকারে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন এমন ঘৃণিত কাজ করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।’
তিনি আরও বলেন, ‘ব্যানার-ফেস্টুন ছিঁড়ে-পুড়িয়ে দাঁড়িপাল্লার বিজয়কে আটকে রাখা যাবে না। আমরা এ ঘটনায় নিজেদের কর্মী-সমর্থকদের ধৈর্য ধারণ করতে বলেছি। আশা করছি, প্রতিপক্ষ প্রার্থী তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে এমন কাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। পাশাপাশি রিটার্নিং কর্মকর্তাকেও এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।’
এদিকে নির্বাচনি প্রচারণার প্রথম দিনেই এমন ঘটনা ভোটের পরিবেশকে বিঘ্নিত করবে বলে মনে করেন জামায়াতের এই প্রার্থী।
এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের মুখপাত্র অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হোসেন তরফদার এশিয়া পোস্টকে বলেন, ‘বিষয়টি নিয়ে সুনির্দিষ্ট কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
মন্তব্য করুন








