ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও জনসভার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জনসভার মাধ্যমে প্রচারণা শুরু করবেন তিনি।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এবং সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের জানান, ঢাকা-১৫ আসনে আয়োজিত জনসভায় জামায়াত আমিরসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। একইদিন সারা দেশেই জামায়াতের প্রার্থীরা নির্বাচনি প্রচারণা শুরু করবেন।
এ ছাড়া নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে ২৩ ও ২৪ জানুয়ারি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সফর করবেন জামায়াত আমির।
এর মধ্যে ২৩ জানুয়ারি (শুক্রবার) পঞ্চগড় থেকে শুরু করে দিনাজপুর, ঠাকুরগাঁও ও রংপুর জেলা শহরে বড় ধরনের পথসভা করবেন ডা. শফিকুর রহমান। একইসঙ্গে পথে গুরুত্বপূর্ণ শহর ও বাজারেও জনগণের সঙ্গে মতবিনিময় করবেন তিনি।
পরদিন ২৪ জানুয়ারি (শনিবার) রংপুরে গণঅভ্যুত্থানে শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় এবং তার কবর জিয়ারত করবেন জামায়াত আমির।
এরপর গাইবান্ধার পলাশবাড়ি, বগুড়া শহর ও শেরপুরে জনসভায় বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান। সিরাজগঞ্জের উল্লাপাড়া ও পাবনায়ও পৃথক জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
উত্তরবঙ্গের দুই দিনের নির্বাচনি প্রচারণা শেষে ঢাকায় ফিরে ২৫ জানুয়ারি ঢাকা-৫, ঢাকা-৬ ও ঢাকা-৭ আসনে জনসভায় অংশ নেবেন জামায়াত আমির।
জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এসব কর্মসূচি শেষে পরবর্তীতে কর্মসূচির বিষয়ে স্থানীয় সংগঠনের সঙ্গে আলোচনা করে শিগগিরই জানানো হবে।
মন্তব্য করুন








