তিন নেতা ও শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনি যাত্রা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে কবর জিয়ারত শেষে প্রচারণা শুরু করে দলটি।
সরেজমিন দেখা গেছে, দুপুর ১২টার দিকে শেরে বাংলা এ কে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কবরে শ্রদ্ধা জানান এনসিপির নেতাকর্মীরা। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন কাজী নজরুল ইসলাম ও ওসমান হাদির কবরে যান তারা। সেখানে কবর জিয়ারত ও দোয়া করে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের কার্যক্রম শুরু করেন পার্টির শীর্ষ নেতারা।
এ সময় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, ঢাকা-৮ এর প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীসহ কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নাহিদ ইসলাম বলেন, এবারের নির্বাচন আধিপত্যপক্ষ বিরোধী যাত্রা। দেশবাসীর প্রতি আহ্বান দশ দলীয় ঐক্যজোটকে বিজয়ী করুন। নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ করছে না বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে, সিলেট আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছে বিএনপি। এই সমাবেশসহ প্রথম দিন মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজারের বক্তব্য দেবেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
অন্যদিকে, ঢাকা-১৫ আসনে গণসংযোগ ও রাজধানীর মিরপুরে জনসভার মধ্য দিয়ে নির্বাচনি প্রচারণা শুরু করবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
উল্লেখ্য, নির্বাচনি প্রচার-প্রচারণায় বেশকিছু নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন। কোনো প্রার্থী বা দল এসব নির্দেশনা লঙ্ঘন করলে সর্বোচ্চ ছয় মাসের কারাদণ্ড বা দেড় লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ডই দেওয়া হতে পারে। দলের ক্ষেত্রেও এক লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এমনকি তদন্তে প্রমাণিত হলে প্রার্থিতাও বাতিল করার ক্ষমতা নির্বাচন কমিশনের হাতে রয়েছে।
মন্তব্য করুন








