বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শে দেশ পরিচালনার অঙ্গীকার করেছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এ অঙ্গীকার করেন। এদিন দপুর সাড়ে ১২টার দিকে জনসমাবেশে উপস্থিত হন।
তারেক রহমান বলেন, মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ, ন্যায়বিচার, সততা, মানবিকতা ও সাম্যের ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হলে সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠা সম্ভব, দেশের শান্তিশৃঙ্খলা ফিরিয়ে আনা সম্ভব। একজন হাজিকে সমাবেশস্থল থেকেই মঞ্চে ডেকে পাশাপাশি দাঁড়িয়ে তিনি বলেন, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পৃথিবী, বেহেশত-দোজখ, সবকিছুর মালিক কে? তখন লাখো জনতা বলে ‘আল্লাহ’।
তিনি আরও বলেন, বাংলাদেশের একটি রাজনৈতিক দল আল্লাহর সঙ্গে শিরক করে, তারা বেহেশতের টিকিট দিয়ে দেয়। বলেন এটা কি ঠিক? এটা কি আল্লাহর সঙ্গে নাফরমানি কিংবা শিরক নয়?
বিএনপির চেয়ারম্যান বলেন, বিগত ১৫-১৬ বছরে উন্নয়নের নামে দেশের মানুষের টাকা লুট করে বিদেশে পাচার করা হয়েছে। ডামি নির্বাচন ও রাতের ভোটে জনগণের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে- বিএনপি এ অবস্থার পরিবর্তন করতে চায়। বিএনপি সরকার গঠন করলে সারা দেশের কৃষকদের পাশে দাঁড়াবে। এছাড়া সারা দেশে আবারও খাল খনন কর্মসূচি হাতে নেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
এর আগে, বুধবার (২১ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যান রাত ৮টায় তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তাকে অভ্যর্থনা দিয়ে বরণ করে নেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। বিমানবন্দর থেকে নেমে বাসে তিনি প্রথমেই যান হজরত শাহজালালের (রহ.) মাজার জিয়ারতে। এরপর হজরত শাহজালাল (রহ.) ও শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন তিনি।
মাজার জিয়ারত শেষে রাত সাড়ে ১২টায় তারেক রহমান ও তার স্ত্রী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে জুবাইদা রহমানের পৈতৃক বাড়িতে যান। পরে জুবাইদা রহমানের পরিবারের প্রয়াত সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি চেয়ারম্যান। এরপরই সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও জুবাইদার পরিবারের প্রয়াত সদস্যদের স্মরণে মিলাদ মাহফিলে অংশ নেন তিনি। এ সময় তিনি এলাকাবাসীর সামনে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার সময় ধানের শীষে ভোট চান।
সিলেট থেকে ফেরার পথে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় দুটি আলাদা জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
মন্তব্য করুন








