ইনসাফের বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশ লেবার পার্টি।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির যুক্ত হওয়ার ঘোষণা দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম মা’ছুম।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ লেবার পার্টির সভাপতি ড. মুস্তাফিজুর রহমান ইরান বলেন, আমরা ইনসাফের বাংলাদেশ গড়ার কর্মী হিসেবে ১০ দলীয় জোটে যুক্ত হয়েছি।
তিনি বলেন, আমরা একটি অর্থবহ পরিবর্তন চাই, যে পরিবর্তনের মাধ্যমে মুক্তিযুদ্ধ ও জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে। আজ থেকে আমরা নতুনভাবে পথচলা শুরু করছি।
এটিএম মা’ছুম বলেন, জামায়াতে ইসলামী একটি ন্যায় ও ইনসাফভিত্তিক এবং আধিপত্যবিরোধী বাংলাদেশ গড়তে চায়। এই লক্ষ্য বাস্তবায়নে তারা সম্মিলিত রাজনৈতিক উদ্যোগে বিশ্বাসী। সেই লক্ষ্যেই আমাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বাংলাদেশ লেবার পার্টি জোটে যুক্ত হয়েছে। এর ফলে আমাদের রাজনৈতিক জোটটি এখন ১১ দলীয় জোটে রূপ নিয়েছে।
জামায়াতে ইসলামীর এই নেতা বলেন, ১০ দলের সঙ্গে বাংলাদেশ লেবার পার্টি একাত্মতা ঘোষণা করেছে। ১০ দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের যুক্ত করা হয়েছে। দলটি যোগ দেওয়ায় ১০ দলীয় নির্বাচনি ঐক্য এখন ১১ দলে পরিণত হয়েছে। এটি আমাদের জন্য বিরাট সৌভাগ্যের বিষয়।
বিএনপির যুগপৎ আন্দোলনে দলটির দীর্ঘদিনের মিত্র ছিল লেবার পার্টি। কিন্তু নির্বাচনে প্রত্যাশিত আসন ছাড় না পাওয়ায় আগেই বিএনপির সঙ্গ ছাড়ার কথা জানিয়েছিল দলটি।
এর আগে, ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ১১ দলীয় নির্বাচনি ঐক্য তৈরি হয়েছিল। পরে মতানৈক্যের কারণে দলটি জোট থেকে বের হয়ে নিজেরা এককভাবে প্রার্থী ঘোষণা করে।
মন্তব্য করুন








