ঢাকা, বাংলাদেশ || রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
পাকুন্দিয়া থানার নতুন ওসি মোঃ হেলাল উদ্দিন
পাকুন্দিয়ায় অটোবাইকের চাপায় ৬ বছরের শিশু নিহত
ডেঙ্গুতে প্রাণ গেল কুলিয়ারচরের ফুটবলার জুনায়েদের, শোকের ছায়া
ডেঙ্গুতে প্রাণ গেল কুলিয়ারচরের ফুটবলার জুনায়েদের, শোকের ছায়া
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে জুনায়েদ আহমেদ (২০) নামের এক উদীয়মান তরুণ ফুটবলারের অকালমৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহত জুনায়েদ কুলিয়ারচর পৌরশহরের কামালিয়াকান্দি মহল্লার ফালু মিয়ার ছেলে। পেশায় ইলেক্ট্রিশিয়ান হলেও স্থানীয় ফুটবল অঙ্গনে তিনি ছিলেন অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় মুখ। স্থানীয় 'বাজরা ব্রাদার্স ফুটবল একাদশ'-এর অধিনায়ক হিসেবে মাঠে সতীর্থদের নেতৃত্ব দিতেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলেন জুনায়েদ। বৃহস্পতিবার জ্বর কিছুটা কমলেও সন্ধ্যার দিকে হঠাৎ তাঁর মাথা ঘোরাতে শুরু করে। দ্রুত তাঁকে কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে পরীক্ষা-নিরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয়। পরবর্তীতে অবস্থার দ্রুত অবনতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাঁকে ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাঁকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর পরামর্শ দেন। ঢাকায় নিয়ে যাওয়ার পথে নরসিংদীর বেলাব উপজেলার পোড়াদিয়া এলাকায় পৌঁছালে মৃত্যুর কোলে ঢলে পড়েন এই তরুণ ফুটবলার। জুনায়েদের আকস্মিক মৃত্যুর খবরে স্থানীয় ক্রীড়াঙ্গন, পরিবার ও বন্ধুদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থরা জানান, ডুমরাকান্দায় আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে তাঁর অধিনায়কত্বে মাঠে নামার কথা ছিল পুরো দলের। অধিনায়কের নেতৃত্বেই ট্রফি জয়ের অপেক্ষায় ছিলেন সবাই, কিন্তু সেই ফাইনাল খেলা আর খেলা হলো না জুনায়েদের। একদিকে জীবিকার তাগিদে তরুণ বয়সেই ইলেক্ট্রিশিয়ানের কাজ, অন্যদিকে সবুজ ঘাসের মাঠে ফুটবলের নেতৃত্ব-স্বপ্ন আর পরিশ্রমে ভরা মাত্র ২০ বছরের এক সম্ভাবনাময় তরুণের পথচলা থমকে গেল ডেঙ্গুর নির্মম থাবায়।
নিকলীতে অপহরণ ও ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
বাজিতপুর ডিগ্রি কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আওয়ামী লীগ নেতা মোয়াজ্জেম গ্রেপ্তার
জমজমাট ৪০০ বছরের ঐতিহ্যের ঢাকের হাট বাজনার তালে মুখর জনপদ
বাজিতপুর-কুলিয়ারচর-নিকলীতে পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে আনসার-ভিডিপির সদস্যরা

হিন্দুধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে বাজিতপুর, নিকলী ও কুলিয়ারচর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্ব পালন করবেন আনসার-ভিডিপির কর্মকর্তা ও সদস্যরা। এই তিন উপজেলায় পিসি ও এপিসিসহ মোট ৭৮৭ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। উপজেলাগুলোতে মোট পূজামণ্ডপের সংখ্যা ১১৬টি। বিভিন্ন তথ্য ও আনসার-ভিডিপি কার্যালয় সূত্রে জানা গেছে, বাজিতপুর উপজেলার পৌরসভাসহ ১১টি ইউনিয়নের ৬১টি পূজামণ্ডপে ৩৯১ জন আনসার-ভিডিপির সদস্য দায়িত্ব পালন করবেন। কুলিয়ারচর পৌরসভাসহ ছয়টি ইউনিয়নের ৩৬টি পূজামণ্ডপে ২১৮ জন আনসার-ভিডিপির সদস্য এবং নিকলী উপজেলার ১৯টি পূজামণ্ডপে ১৭৮ জন সদস্য দায়িত্বে রয়েছেন। কুলিয়ারচর উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান বলেন, এ বছর দুর্গাপূজায় তাঁর প্রশিক্ষক আশরাফুল আলম সৌরভ ও জয়নব বেগম দায়িত্ব পালন করবেন। বাজিতপুর উপজেলার প্রশিক্ষক দেলোয়ার হোসাইন ও প্রশিক্ষিকা সম্পা বেগম এবং নিকলী উপজেলার প্রশিক্ষক অসীম দাসও পূজামণ্ডপগুলোতে দায়িত্ব পালন করবেন বলে অফিস সূত্রে জানা গেছে। এ ছাড়া পুলিশ বাহিনীর সদস্যরা বিশেষ টহলের দায়িত্বে থাকবেন বলে জানিয়েছেন বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহিদুল্লাহ।

কটিয়াদীতে দুঃস্থ ও প্রতিবন্ধীদের আর্থিক সহায়তা

কিশোরগঞ্জের কটিয়াদীতে দুঃস্থ, অসহায়, অসুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ অনুদানের আওতায় উপকারভোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কটিয়াদী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিন। এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, সাধারণ সম্পাদক সাজেদুল হক সজল সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান মাসুদ প্রমুখ।  

পাকুন্দিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন

আমাদের হাত, আমাদের ভবিষ্যৎ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে পাকুন্দিয়া পৌরসভার আয়োজনে এবং নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (ইউজিআইপি) সহযোগিতায় এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভায় পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক মোহাম্মদ আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা (ভাঃ) আব্দুল মান্নান খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবেদ হোসেন, পাকুন্দিয়া পৌরসভার সাবেক কমিশনার মস্তোফা কামাল, সাংবাদিক আবু হানিফ প্রমুখ। আলোচনা সভায় ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা, নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করা এবং রোগ প্রতিরোধে সাবান দিয়ে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়। পাশাপাশি জনস্বাস্থ্য সুরক্ষা ও সুস্থ জীবনযাপনে নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন এবং পরিচ্ছন্ন পরিবেশের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়।

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান; গ্রেপ্তার-৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ দমন, মাদক উদ্ধার ও অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) বিকালে আটককৃতদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. লোকমান মিয়া (২৯), মো. সোহান মিয়া (২৫) ও মো. ফারুক মিয়া (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে আরও এক অভিযুক্ত পালিয়ে যায়। অপর দিকে একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. রাকিব মিয়া (২৫), মো. রকি মিয়া (১৯), তানজিম (১৯) ও আবু সালাম (৫০)। তাঁদের প্রত্যেকের কাছে ১০ গ্রাম করে গাঁজা পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও অভিযানে আটককৃত আকরাম হোসেন (২০)-কে ৬ মাস এবং অনিক মিয়া (২৫)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইজাজুল হক। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়। অভিযান প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন- "মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযানের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।"

পাকুন্দিয়ার নতুন এসিল্যান্ড মোহাম্মদ আশরাফুল ইসলাম

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নতুন সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আশরাফুল ইসলাম। বুধবার (১৪ অক্টোবর) সকালে তিনি সহকারী কমিশনার (ভূমি) ও পাকুন্দিয়া পৌরসভার প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেন। গত রোববার (১১ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি নতুন এসিল্যান্ড হিসেবে যোগদান করেন। মোহাম্মদ আশরাফুল ইসলাম ৪০তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এর আগে তিনি বরগুনা জেলার আমতলী উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। গত সেপ্টেম্বর মাসে ভূমি মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁকে বরগুনার আমতলী থেকে ঢাকা বিভাগে বদলি করা হয়। পরবর্তীতে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় তাঁকে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে পদায়ন করা হয়। নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালনে তিনি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি এবং সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছিলেন মোঃ সূফি সাজ্জাদ আল ফোজায়েল। যোগদানের মাত্র ১৪ দিনের মাথায় গত ৫ অক্টোবর তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার এসিল্যান্ড হিসেবে বদলি হন। ফলে পদটি শূন্য হলে সেখানে মোহাম্মদ আশরাফুল ইসলামকে পদায়ন করা হয়।

কটিয়াদীতে ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৮ হাজার ৭০০ টাকাসহ  পাপিয়া আক্তার আলো (২৭) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত পাপিয়া আক্তার আলো মুমুরদিয়া ইউনিয়নের বাহের পাথর গ্রামের মাদক ব্যবসায়ী লিটন মিয়ার স্ত্রী। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, গোপন সংবাদের ভিত্তিতে কটিয়াদী  থানার পুলিশ মধ্যরাতে লিটনের  বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের আলমারি থেকে ৯২০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ১৮ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়। লিটন মিয়া ও তার স্ত্রী দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কেনাবেচার সঙ্গে জড়িত।  কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, মাদক বিক্রির সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯২০ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় পাপিয়া আক্তার আলো নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

অষ্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ 

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে দুর্গাপূজা উপলক্ষে সরকারিভাবে বরাদ্দকৃত চাল বিতরণকে কেন্দ্র করে প্রতিটি পূজা মন্ডপ থেকে ১ হাজার টাকা করে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের তীরে রয়েছেন অষ্টগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবেশ চন্দ্র দাস (৫৮)।  ​ঘটনার বিবরণ থেকে জানা যায়, গত সোমবার (১২ অক্টোবর) উপজেলা প্রশাসন কর্তৃক অষ্টগ্রাম উপজেলার ৪৫টি পূজা মন্ডপের অনুকূলে মন্ডপপ্রতি ৬০০ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল বিতরণের পর বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে অবস্থিত সভা কক্ষে দেবেশ চন্দ্র দাস এবং তার সহযোগীরা ক্ষমতার অপব্যবহার করে প্রতিটি পূজা মন্ডপ থেকে ১,০০০ টাকা করে চাঁদা আদায় করেন বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে।  ​উপস্থিত অনেকে বিষয়টি নিয়ে তাৎক্ষণিক প্রতিবাদ জানালেও অভিযুক্ত দেবেশ চন্দ্র দাস এবং তার সঙ্গীরা তা উপেক্ষা করে টাকা আদায় করে নিয়ে যান।  ​এ ঘটনার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে হালালপুর গ্রামের বাসিন্দা এবং উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক শ্রীকৃষ্ণ দাস (৪০) (পিতা: ঠাকুর ধন দাস) বাদী হয়ে অষ্টগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর পৃথক দুটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।  ​অভিযোগপত্রে দেবেশ চন্দ্র দাসসহ ৪-৫ জনকে অজ্ঞাতনামা আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে।  ​অভিযোগকারী শ্রীকৃষ্ণ দাস ও অষ্টগ্রাম সার্বজনীন যুব সংঘের সাধারণ সম্পাদক আশীষ কুমার দেবনাথ জানান, "সরকারি অনুদানের চাল পাওয়ার পর প্রতিটি মন্ডপ থেকে অন্যায়ভাবে জোরপূর্বক এই টাকা নেওয়া হয়েছে। আমরা প্রতিবাদ করলেও তারা কোনো তোয়াক্কা করেনি। আমরা এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।" ​তবে চাঁদা আদায়ের অভিযোগ অস্বীকার করে পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক দেবেশ চন্দ্র দাস এ প্রতিনিধিকে জানান, "পূজা উদযাপন পরিষদের নিজস্ব কোনো ফান্ড নেই এবং আগের অনুষ্ঠানের কিছু ঋণও রয়েছে। গত সোমবার চাল বিতরণের পর সব ৪৫টি পূজা মন্ডপের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সর্বসম্মত সিদ্ধান্তেই সংগঠনের ফান্ডের জন্য এই টাকা সংগ্রহ করা হয়েছে। এটি কোনো জোরপূর্বক চাঁদা নয়; প্রতি বছরই সর্বসম্মতিক্রমে মন্ডপগুলো থেকে এভাবে ফান্ডের জন্য অনুদান নেওয়া হয়ে থাকে।" ​এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, "বিষয়টি আমি শুনেছি, অভিযুক্ত দেবেশ চন্দ্র দাসসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।" ​অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রুকনুজ্জামান এ প্রতিনিধিকে জানান, "এ বিষয়ে একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।"

আরও
X