৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা শুক্রবার (৩০ জানুয়ারি)। সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে, চলবে দুপুর ১২টা পর্যন্ত। রাজধানী ঢাকাসহ দেশের আটটি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এই পরীক্ষায় অংশ নেওয়া পরীক্ষার্থীদের মানতে হবে নানা নির্দেশনা। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) মাসুমা আফরীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়।
যেখানে বলা হয়েছে, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত এবং দৈবচয়ন ভিত্তিতে আসন বিন্যাস সাজানোর কারণে পরীক্ষার্থীদের নিজ নিজ আসন খুঁজে পেতে কিছুটা সময় লাগতে পারে। সে কারণে পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে, অর্থাৎ সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে। সকাল ৯টা ৩০ মিনিটের পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
আরও বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কঠোর বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার হলে সব ধরনের ঘড়ি— অ্যানালগ বা ডিজিটাল, মোবাইল ফোন ও সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস, বই-পুস্তক ও ক্যালকুলেটর, ব্যাংক বা ক্রেডিট কার্ডসদৃশ কোনো ডিভাইস, গহনা, ব্রেসলেট, ব্যাগ ও মানিব্যাগ বহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ।
পরীক্ষার হলের গেটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও পুলিশের উপস্থিতিতে পরীক্ষার্থীদের প্রবেশপত্র যাচাই এবং মেটাল ডিটেক্টরের মাধ্যমে তল্লাশি করে ভেতরে প্রবেশ করানো হবে। পাশাপাশি পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কান খোলা রাখতে হবে এবং কানের ওপর কোনো ধরনের আবরণ রাখা যাবে না। বিশেষ প্রয়োজনে হিয়ারিং এইড ব্যবহারের ক্ষেত্রে আগেই কমিশনের অনুমতি নিতে হবে।
এছাড়াও কোনো পরীক্ষার্থীর কাছে নিষিদ্ধ সামগ্রী পাওয়া গেলে তার প্রার্থিতা বাতিল করা হবে। সে সঙ্গে বাংলাদেশ সিভিল সার্ভিস বিধিমালা-২০১৪ এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন-২০২৩ অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীকে কমিশনের ভবিষ্যৎ সব নিয়োগ পরীক্ষার জন্য অযোগ্য ঘোষণা করাসহ বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়ার বিধান রয়েছে।
মন্তব্য করুন


