জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রগ্রামের পরীক্ষা পদ্ধতির পরিবর্তন করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪ ক্রেডিট কোর্সে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ২০ নম্বর এবং চূড়ান্ত পরীক্ষা হবে ৮০ নম্বরের। এই পরীক্ষার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৪ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় অন্তর্ভুক্ত করে বিশ্লেষণধর্মী, ধারণাভিত্তিক, সংখ্যাগত ও সমালোচনামূলক বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ১২টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৮টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্নে ভাগ করা যাবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।
এ ক্ষেত্রে ধারাবাহিক মূল্যায়নের ২০ নম্বরের বিভাজন হলো– অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন/কুইজ পরীক্ষায় ৫, ক্লাসে উপস্থিতিতে ৫ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় নম্বর হিসেবে ১০।
৩ ক্রেডিট কোর্সে মোট নম্বর ৭৫। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ১৫ এবং চূড়ান্ত পরীক্ষা ৬০ নম্বরের। পরীক্ষার সময় ৩ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ৯টি প্রশ্নের মধ্যে ৬টির উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্নে বিভক্ত করা যাবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।
এই কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ১৫ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন বা কুইজে ৪, ক্লাসে উপস্থিতিতে ৩ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ৮ নম্বর নির্ধারণ করা হয়েছে।
২ ক্রেডিট কোর্সে মোট নম্বর ৫০। এর মধ্যে ধারাবাহিক মূল্যায়ন ১০ এবং চূড়ান্ত পরীক্ষা ৪০ নম্বরের। পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে ২ ঘণ্টা। প্রশ্নপত্রে পাঠ্যসূচির সব অধ্যায় থেকে বিস্তৃত প্রশ্ন থাকবে। মোট ৬টি প্রশ্নের মধ্যে শিক্ষার্থীদের ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্ন সর্বোচ্চ তিনটি উপ-প্রশ্নে ভাগ করা যাবে। প্রতিটি প্রশ্নের মান ১০ নম্বর।
এই কোর্সে ধারাবাহিক মূল্যায়নের ১০ নম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন/কুইজে ৩, ক্লাসে উপস্থিতিতে ২ এবং দুটি ইন-কোর্স পরীক্ষার গড় হিসেবে ৫ নম্বর থাকবে।
বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন।
মন্তব্য করুন


