বাংলাদেশ ইউনিভর্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) জাঁকজমকপূর্ণভাবে সামাজিক উদ্যোক্তা তৈরির বিশ্বখ্যাত প্রতিযোগিতা ‘হাল্ট প্রাইজ’ অন-ক্যাম্পাস পর্বের Hult Prize at BUBT -এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী চলমান এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের একদল মেধাবী শিক্ষার্থীর উদ্ভাবনী ব্যবসায়িক পরিকল্পনার মধ্য দিয়ে এই ইভেন্টের সফল সমাপ্তি ঘটে।
গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন- ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. কাইউম, আইপিডিসি ফাইন্যান্স পিএলসি’র ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার সুমাইয়া হক সুবাহ, আকিজ আইবিওএস’র ডিজিটাল মার্কেটিং প্রধান এস কে মইনুর রহমান এবং জেনেসিস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক শামসুল আলম রিফাত।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বাংলাদেশের ন্যাশনাল কমিউনিটি কোঅর্ডিনেটর মো. আবিদ শাহরিয়া এবং ন্যাশনাল কোঅর্ডিনেটর মো. আমিনুল ইসলাম।
চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হিসেবে নাম ঘোষণা করা হয়। এবারের আসরে চ্যাম্পিয়ন হয় Team Alo, ১ম রানার-আপ হয় Team Bhaibondhus এবং ২য় রানার-আপ হয় Team Fireguard।
অনুষ্ঠানে বিইউবিটির ফাইন্যান্স বিভাগের অধ্যাপক এবং হাল্ট প্রাইজের উপদেষ্টা প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ এবং উপদেষ্টা ড. মো. জাকির হোসেন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি’র বিজনেস অনুষদের ডিন এবং হাল্ট প্রাইজ অ্যাট বিইউবিটি’র প্রধান উপদেষ্টা প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন।
ড. সৈয়দ মাসুদ হোসেন বলেন, বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের সৃজনশীলতা এবং নেতৃত্ব বিকাশে বিশ্বাস করে। হাল্ট প্রাইজের মতো বৈশ্বিক প্ল্যাটফর্ম শিক্ষার্থীদের সামাজিক সমস্যা সমাধানে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিজয়ী দলগুলো এখন তাদের উদ্ভাবনী আইডিয়া নিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে প্রতিযোগিতার পরবর্তী ধাপগুলোতে অংশগ্রহণের সুযোগ পাবে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন আমন্ত্রিত অতিথি ও বিচারকরা।
মন্তব্য করুন








