আমরা এমন একসময়ে বাস করছি, যেখানে সময় যেন সোনার মতো মূল্যবান। কাজ, পরিবার আর নিত্যদিনের ব্যস্ততার ভিড়ে নিজের জন্য আলাদা করে সময় বের করা কঠিন। কিন্তু সুখবর হলো, ইংরেজি শেখার জন্য ঘণ্টার পর ঘণ্টা ব্যাকরণের বই নিয়ে বসে থাকতে হয় না। প্রতিদিন মাত্র ৩০ মিনিট নিয়মিত চর্চাই আপনার ইংরেজির দক্ষতায় বড় পরিবর্তন আনতে পারে।
এটিকে আপনি মস্তিষ্কের ছোট একটি দৈনিক ব্যায়াম হিসেবে ভাবতে পারেন। সকালের চা খাওয়ার সময়, অফিসে যাওয়া-আসার পথে বা ঘুমানোর আগে কিছু সময় বের করলেই যথেষ্ট।
চলুন আজ সহজ করে জেনে নিই কীভাবে প্রতিদিন মাত্র ৩০ মিনিট কাজে লাগিয়ে ধীরে ধীরে ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব।
ইংরেজি শেখা মানে একদিনে অনেক কিছু মুখস্থ করা নয়, বরং নিয়মিত অনুশীলন করা। যেমন গাছে প্রতিদিন অল্প পানি দিলে তা ভালোভাবে বেড়ে ওঠে, তেমনি প্রতিদিন অল্প সময় পড়াশোনা করলে ভাষা শেখাও সহজ হয়।
শিক্ষা গবেষণায় দেখা গেছে, অল্প সময়ের মনোযোগী পড়াশোনা বেশি কার্যকর। একে বলা হয় ‘মাইক্রোলার্নিং’। এতে মস্তিষ্ক ছোট ছোট তথ্য ভালোভাবে গ্রহণ করে ও মনে রাখতে পারে।
আরেকটি বড় সুবিধা হলো চাপ কম থাকে। যদি দুই ঘণ্টা পড়ার পরিকল্পনা ভেস্তে যায়, তখন হতাশা আসে। কিন্তু ৩০ মিনিট মিস হলে পরদিন আবার সহজেই শুরু করা যায়। তাই ব্যস্ত মানুষদের জন্য এই পদ্ধতি দীর্ঘমেয়াদে বেশি কার্যকর।
অল্প সময়কে সঠিকভাবে ভাগ করাই হলো সাফল্যের চাবিকাঠি। পুরো ৩০ মিনিটকে কয়েকটি ছোট ভাগে ভাগ করুন।
শুরুতে ৫ মিনিট হালকা অনুশীলন
প্রথমেই কঠিন ব্যাকরণে ঝাঁপ দেবেন না। বরং ৫ মিনিট হালকা কিছু শুনুন বা পড়ুন। যেমন - একটি ছোট ইংরেজি পডকাস্ট শুনুন, ইউটিউবের ছোট ভিডিও দেখুন বা ফ্ল্যাশকার্ডে কয়েকটি শব্দ শিখুন।
এতে আপনার মস্তিষ্ক প্রস্তুত হবে এবং নিয়মিত হওয়ার অভ্যাস গড়ে উঠবে।
১৫ মিনিট মনোযোগী হয়ে চর্চা
এটি অভ্যাস গড়ার মূল অংশ। একটি নির্দিষ্ট বিষয়ে মনোযোগ দিন। উদাহরণ-
শব্দভান্ডার বাড়ানো: প্রতিদিন ৫টি নতুন শব্দ শিখুন এবং লিখে রাখুন
ব্যাকরণ শেখা: একটি নির্দিষ্ট কাল শিখে ২টি বাক্য তৈরি করুন
লিসেনিং: একটি ছোট অডিও ক্লিপ শুনে নতুন শব্দ লিখুন
আগের দিনের শেখা বিষয়গুলোও একটু ঝালাই করে নিন। এতে মনে রাখা সহজ হয়।
১০ মিনিট ব্যবহারিক প্রয়োগ
শুধু পড়লে হবে না, ব্যবহার করতে হবে। নিজের দিনের কাজ ইংরেজিতে বলা শুরু করুন। ছোট একটি ডায়েরি লিখুন বা মোবাইলে নিজের কণ্ঠ রেকর্ড করুন।
যখন আপনি কথা বলেন বা লিখেন, তখন ভাষা আরও দ্রুত আয়ত্তে আসে।
শেষ ৫ মিনিট পুনরালোচনা
দিনে যা শিখলেন, তা দ্রুত দেখে নিন। নতুন শব্দগুলো পড়ুন ও লিখে রাখা বাক্যগুলো বারবার পড়ুন। এই ছোট ধাপই শেখাকে স্থায়ী করে তোলে।
ইংরেজি শেখা যেন বিরক্তিকর না হয়। বড় ও জটিল বইয়ের বদলে ছোট ও বাস্তবধর্মী কনটেন্ট বেছে নিন। যেমন
- ছোট খবরের প্রতিবেদন
- সিটকমের ছোট ক্লিপ
- ইউটিউব ভিডিও
- ইংরেজি ব্লগ
বাস্তব জীবনে ব্যবহৃত ইংরেজি শুনলে ও পড়লে ভাষা সহজে রপ্ত হয়। একসঙ্গে অনেক উৎস ব্যবহার না করে এক সপ্তাহে একটি উৎসে মনোযোগ দিন।
বর্তমানে বিভিন্ন অ্যাপ ও অনলাইন প্ল্যাটফর্ম ইংরেজি শেখাকে সহজ করেছে। তবে একসঙ্গে অনেক অ্যাপ ব্যবহার না করে ১ বা ২টি বেছে নিয়ে নিয়মিত ব্যবহার করাই ভালো।
শুরুতে অনেক উৎসাহ থাকে, কিন্তু অতিরিক্ত চাপ নিলে দ্রুত ক্লান্তি আসে। তাই বেশি বেশি চেষ্টা না করে প্রতিদিন ৫০টি শব্দ মুখস্থ না করে ৫টি শব্দ শিখুন। পছন্দের ভিডিও দেখুন ও আপনার কাছে মজা লাগে এমন বিষয় পড়ুন।
ভাষা শেখা আনন্দের হলে দীর্ঘমেয়াদে চালিয়ে যাওয়া সহজ হয়। পুরো দিনকে শেখার অংশ বানান। আর শুধু ৩০ মিনিটেই সীমাবদ্ধ থাকবেন না। দিনের বিভিন্ন সময় ইংরেজিকে যুক্ত করুন।
- অফিসে যাওয়ার পথে পডকাস্ট শুনুন
- বাড়ির জিনিসে ইংরেজি লেবেল লাগান
- খাবার সময় ছোট খবর পড়ুন
- ঘুমানোর আগে ৫ মিনিট ইংরেজি পড়ুন
এতে আলাদা সময় বের না করেও অনুশীলন হবে।
সময় নয়, অগ্রগতি পরিমাপ করুন। শুধু সময় গোনা নয়, নিজের উন্নতি লক্ষ্য করুন। খেয়াল করুন- এই সপ্তাহে কতটি নতুন শব্দ ব্যবহার করেছেন। আগের চেয়ে সাবলীলভাবে লিখতে পারছেন কি না বা সাবটাইটেল ছাড়া ভিডিও কতটা বুঝতে পারছেন।
ছোট ছোট সাফল্যগুলো লিখে রাখুন। এগুলোই আপনাকে অনুপ্রাণিত করবে।
নিয়মিত চর্চা করলে কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন টের পাবেন। ধীরে শুরু হলেও সময়ের সঙ্গে অগ্রগতি স্পষ্ট হবে।
একদিন বাদ গেলে কি তা বড় কোন সমস্যা? না। একটি দিন বাদ গেলে পরদিন আবার শুরু করুন। নিয়মিত থাকাটা গুরুত্বপূর্ণ।
প্রতিদিন মাত্র ৩০ মিনিট সময় দিলেই ইংরেজিতে দক্ষ হওয়া সম্ভব। দীর্ঘ সময় একটানা পড়াশোনার প্রয়োজন নেই। ছোট ছোট ধাপে নিয়মিত চর্চা করাই সাফল্যের মূল চাবিকাঠি।
প্রতিটি নতুন শব্দ, প্রতিটি ছোট বাক্য, প্রতিটি অডিও ক্লিপ ধীরে ধীরে আপনাকে সাবলীলতার দিকে এগিয়ে নিয়ে যাবে। মনে রাখবেন, নিখুঁত হওয়ার চেষ্টা নয়, ধারাবাহিকতা বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
আজই আপনার ৩০ মিনিট ঠিক করুন। নিয়মিত চর্চা শুরু করুন। সময়ের সঙ্গে দেখবেন, ইংরেজি আর ভয়ের বিষয় নয়, বরং দৈনন্দিন জীবনের স্বাভাবিক একটি অংশ হয়ে গেছে।
সূত্র : ইংলিশ লার্নিং
মন্তব্য করুন







