ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে সরে দাঁড়াতে চান বলে জানিয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
নিয়াজ আহমদ বলেন, ‘আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। যেন নির্বাচিত রাজনৈতিক সরকার তাদের নিজেদের মতো করে প্রশাসন সাজাতে পারে।’ তবে তিনি এখনই দায়িত্ব ছেড়ে দিচ্ছেন না।
তিনি জানান, আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র এখনও জমা দেননি এবং নির্বাচিত সরকার আসার পর তাদের পূর্ণ সহযোগিতা করতে আরও কিছুদিন দায়িত্বপালন করবেন।
নিয়াজ আহমদ খান বলেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত প্রশাসনিক ধারাবাহিকতা রক্ষায় তিনি কাজ করে যাবেন এবং নির্বাচন-পরবর্তী সময়ে নতুন প্রশাসনের কাছে দায়িত্ব হস্তান্তরে তিনি সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
মন্তব্য করুন







